উৎক্ষেপণের পরপরই বিধ্বস্ত উত্তর কোরিয়ার সেই রকেট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উত্তর কোরিয়ার বহুল আলোচিত দূরপাল্লার রকেটটি গতকাল শুক্রবার সকালে উৎক্ষেপণের কয়েক মিনিটের মধ্যেই বিধ্বস্ত হয়েছে। রকেটের অংশবিশেষ পড়েছে পীতসাগরে। কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। ঘটনার প্রায় পাঁচ ঘণ্টা পর উত্তর কোরিয়ার রাষ্ট্রনিয়ন্ত্রিত টেলিভিশন ও রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা কেসিএনএ জানায়, পর্যবেক্ষণের জন্য কৃত্রিম উপগ্রহ (স্যাটেলাইট) নিয়ে ছোড়া রকেটটি কক্ষপথে পৌঁছাতে ব্যর্থ হয়েছে। সংশ্লিষ্ট বিজ্ঞানী, প্রকৌশলী ও বিশেষজ্ঞরা এর কারণ অনুসন্ধান করছেন। নিজেদের এ ব্যর্থতা স্বীকার করে তা জনসমক্ষে প্রকাশ করার বিষয়টি উত্তর কোরিয়ায় বিরল ঘটনা। উত্তর কোরিয়ার রকেট অভিযান ব্যর্থ হলেও উৎক্ষেপণের ঘটনার নিন্দা জানিয়েছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ, ইউরোপীয় ইউনিয়ন, যুক্তরাষ্ট্র, দক্ষিণ কোরিয়া ও জাপান। জাতিসংঘ ও যুক্তরাষ্ট্র পৃথক বিবৃতিতে জানায়, উত্তর কোরিয়ার বর্তমান অবস্থা ও রকেট উৎক্ষেপণের ঘটনায় নিরাপত্তা পরিষদে আলোচনার জন্য জরুরি বৈঠকে বসবে।তবে উত্তর কোরিয়ার ঘনিষ্ঠ সহযোগী ও নিরাপত্তা পরিষদের অন্যতম সদস্য চীন কোরীয় উপদ্বীপের ঘটনায় সংশ্লিষ্ট সব পক্ষকে শান্ত থাকার আহ্বান জানিয়েছে।১৫ এপ্রিল উত্তর কোরিয়ার প্রতিষ্ঠাতা কিম ইল সুংয়ের শততম জন্মবার্ষিকী উপলক্ষে কক্ষপথে উপগ্রহ পাঠানোর কথা বলে এ রকেট উৎক্ষেপণের প্রস্তুতি নেওয়া হলেও শেষ পর্যন্ত তা বিধ্বস্ত হওয়ায় ‘বিব্রতকর’ অবস্থায় পড়েছেন দেশটির নতুন নেতারা। আবহাওয়ার পূর্বাভাস পেতে ও দেশব্যাপী প্রাকৃতিক সম্পদের জরিপের কথা বলে বিশ্বজনমত উপেক্ষা করে উপগ্রহ পাঠাতে চেয়েছিল উত্তর কোরিয়া। তবে প্রতিবেশী দক্ষিণ কোরিয়া ও জাপানের মতে, উপগ্রহ পাঠানোর নাম করে উত্তর কোরিয়া পারমাণবিক অস্ত্রবাহী দূরপাল্লার ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের পরীক্ষা চালিয়েছে। এর আগে দুবার পারমাণবিক অস্ত্রের পরীক্ষা চালিয়েছে দেশটি। যুক্তরাষ্ট্রের কাছ থেকে খাদ্যসহায়তা পাওয়ার বিনিময়ে উত্তর কোরিয়া গত ফেব্রুয়ারিতে পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র পরীক্ষা স্থগিত রাখার অঙ্গীকার করে। রকেট উৎক্ষেপণ নিয়ে বিভিন্ন দেশের বক্তব্য: উত্তর কোরিয়া-চীন সীমান্তের সোহায়ে স্যাটেলাইট স্টেশন থেকে স্থানীয় সময় সকাল সাতটা ৩৯ মিনিটে উৎক্ষেপণ মঞ্চ থেকে উনহা-৩ নামের রকেটটি উড্ডয়ন করে। এর ১০ মিনিটের মধ্যে রকেটটি ১২০ কিলোমিটার উড়ে গিয়ে পীতসাগরে বিধ্বস্ত হয়। এ ব্যাপারে জাপানের প্রতিরক্ষামন্ত্রী নাওকি তানাকা বলেন, ‘উত্তর কোরিয়া থেকে উৎক্ষেপণের মাত্র এক মিনিটের মাথায় সাতটা ৪০ মিনিটে উড়ন্ত একটি বস্তু মহাসাগরে পড়ে যায় বলে আমরা নিশ্চিত হই।’দ. কোরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, রকেটটি ওড়ার দুই মিনিটের মাথায় সম্ভবত এক বিস্ফোরণে দুই ভাগ হয়ে ছোট ছোট টুকরায় ভেঙে দক্ষিণ কোরিয়ার পীতসাগরে পড়ে।উত্তর আমেরিকার এয়ারোস্পেস ডিফেন্স কমান্ড (নোরাড) এক বিবৃতিতে বলেছে, রকেটের নিচের অংশ পড়েছে দক্ষিণ কোরিয়ার সিউল থেকে ১৬৫ কিলোমিটার পশ্চিম দিকের সাগরে। আর উপগ্রহ বহনকারী বাকি অংশ অন্য কোথাও পড়েছে। যুক্তরাষ্ট্রের হোয়াইট হাউসের মুখপাত্র জে কারনি বলেন, এ ধরনের উসকানিমূলক কাজ করে উত্তর কোরিয়া উপরন্তু নিজেদেরই বিচ্ছিন্ন করে রাখে এবং এর জনগণ ক্ষুধার্ত থাকলেও তারা অস্ত্র ও প্রচারণার পেছনে অর্থ অপচয় করছে। চীনকে কিছুই জানানো হয়নি: উত্তর কোরিয়ার ঘনিষ্ঠ সহযোগী হিসেবে পরিচিত চীন। অথচ তারাই কি না বলছে, উত্তর কোরিয়ার দূরপাল্লার ব্যর্থ ক্ষেপণাস্ত্র পরীক্ষা সম্পর্কে তারা কিছু জানে না। গতকাল চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিউ ওয়েইমিন এক বিবৃতিতে বলেন, ‘উপগ্রহ উৎক্ষেপণের আগে ও পরে চীনকে কিছুই জানায়নি তারা।’কড়া পাহারা: রকেট ছোড়ার প্রচেষ্টা ব্যর্থ হওয়ার পর সীমান্তে কড়া পাহারা বসিয়েছে উত্তর কোরিয়া। এএফপি, রয়টার্স, বিবিসি।