উৎখাতের হুমকি উপেক্ষা মুরসি-সমর্থকদের

মিসরের ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসির সমর্থকদের আন্দোলনস্থল থেকে শিগগিরই উৎখাত করার হুমকি দিয়েছেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী। সরকারের এই হুমকি উপেক্ষা করে আন্দোলনকারীরা তাঁদের অবস্থান অব্যাহত রেখেছেন।
গতকাল শনিবার রাতভর মুরসির সমর্থক মুসলিম ব্রাদারহুডের লাখো কর্মী-সমর্থক রাজধানী কায়রোর নাসর সিটির রাব্বা আল-আদওয়া মসজিদ প্রাঙ্গণে অবস্থান করেন। মুরসিপন্থীরা সাফ জানিয়ে দিয়েছেন, তাঁরা কোনো হুমকিতেই দাবি থেকে পিছু হটবেন না।
অন্যদিকে এক সংবাদ সম্মেলনে গতকাল স্বরাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ ইব্রাহিম বলেছেন, বিক্ষোভকারীদের সরিয়ে দিতে নিরাপত্তা বাহিনী আইন অনুযায়ী পদক্ষেপ নেবে। বিক্ষোভকারীদের সরিয়ে দেওয়ার জন্য সংশ্লিষ্ট এলাকার অধিবাসীরা আইনি সহায়তা চেয়েছেন।
সেনাবাহিনী ৩ জুলাই দেশটির নির্বাচিত প্রেসিডেন্ট মুরসিকে ক্ষমতাচ্যুত করে। এরপর থেকে রাজপথে অবস্থান নিয়ে আছেন মুরসির সমর্থক ও তাঁদের বিরোধীরা। মুরসিপন্থীরা তাঁদের নেতাকে ক্ষমতায় ফিরিয়ে আনার দাবিতে টানা বিক্ষোভ করে যাচ্ছেন। সেনাপ্রধান জেনারেল আবদেল ফাত্তাহ আল-সিসি গত বৃহস্পতিবার ‘সন্ত্রাস ও সহিংসতা সৃষ্টিকারীদের’ প্রতিহত করতে দেশবাসীকে রাজপথে নেমে আসার আহ্বান জানান। এর পরিপ্রেক্ষিতে মুরসিপন্থী হাজারো কর্মী-সমর্থক রাজধানীর নাসর সিটির রাব্বা আল-আদওয়া মসজিদ প্রাঙ্গণে অবস্থান নেন। গতকাল গোলাগুলি ও সহিংসতার ঘটনা ঘটেছে ওই মসজিদের কাছেই।
খুব ভোরের দিকে মুরসিপন্থী বিক্ষোভকারীরা পাশের একটি সড়ক বন্ধ করে দেওয়ার চেষ্টা করে। এতে বাধা দেয় নিরাপত্তা বাহিনীর লোকজন। তখন সংঘাত বেধে যায় এবং নিরাপত্তা বাহিনীর সদস্যরা গুলি চালায়। ব্যাপক গুলিবর্ষণে ১২০ জন নিহত ও প্রায় সাড়ে চার হাজার আহত হয়েছে বলে দাবি করেছে মুরসির দল মুসলিম ব্রাদারহুড।
গতকালের প্রাণহানির জন্য সেনাবাহিনীকে দায়ী করেছে ব্রাদারহুড। বিক্ষোভকারীদের ওপর সরাসরি গুলি ছোড়ার অভিযোগ এনেছে তারা। ব্রাদারহুডের মুখপাত্র জিহাদ আল-হাদ্দাদ বলেন, কাউকে জখম করার জন্য তারা গুলি চালায়নি, গুলি চালিয়েছে হত্যা করার জন্য। সরাসরি মাথা ও বুক লক্ষ্য করে গুলি ছুড়েছে।
তবে সরকারের পক্ষ থেকে দাবি করা হয়েছে, বিক্ষোভকারীদের লক্ষ্য করে কেবল কাঁদানে গ্যাসের শেল ছোড়া হয়েছে। গতকালের ঘটনায় ৬৫ জন নিহত হয়েছে।
মুরসির সমর্থকদের ওপর গুলির ঘটনার নিন্দা জানিয়েছেন দেশটির অন্তর্বর্তী সরকারের ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ এলবারাদি এবং সুন্নি মুসলিমদের শীর্ষ সংগঠন আল-আজহার। এ ছাড়া মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরিও এ ঘটনায় নিন্দা জানিয়েছেন।