উৎসাহ-উদ্দীপনায় আন্তর্জাতিক নারী দিবস উদ্যাপন
নানা উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে সারা বিশ্বে গতকাল মঙ্গলবার আন্তর্জাতিক নারী দিবস উদ্যাপিত হয়েছে। নারী দিবসের এবারের প্রতিপাদ্য বিষয় হচ্ছে, ‘শিক্ষা, প্রশিক্ষণ ও প্রযুক্তিতে সমসুযোগ: নারীর মর্যাদাপূর্ণ কাজের পথ’। ইউরোপীয় ইউনিয়ন উত্তরাঞ্চলীয় আফ্রিকার অগ্রগতিতে নারীর গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনন্দন জানিয়ে এবার আন্তর্জাতিক নারী দিবস উদ্যাপন করেছে। এদিকে কম্বোডিয়ায় বিক্ষোভ ছড়িয়ে পড়ার আশঙ্কায় নারী দিবসের শোভাযাত্রাও বের করতে দেয়নি দেশটির সরকার।ইউরোপীয় কমিশনের দুজন নারী ভাইস প্রেসিডেন্ট ক্যাথেরিন অ্যাশটন ও ভিভেইন রেডিং এক বিবৃতিতে জানান, আফ্রিকায় নানামুখী সহিংসতার মধ্যেও নারীরা ওই অঞ্চলে পরিবর্তনে ভূমিকা রাখছে। তাঁরা আরও জানান, ওই অঞ্চলটিতে নারীদের এ ভূমিকা সেখানকার শাসনব্যবস্থায় যে পরিবর্তন আনা হচ্ছে, তাতে প্রতিফলিত হবে।এদিকে পূর্ব তিমুরের উন্নয়নবিষয়ক কমিশনার আন্দ্রিস পিবালগস স্বাধীনতার পর থেকে দেশটিতে নারীর যে ক্ষমতায়ন ঘটেছে, তাকে উল্লেখযোগ্য ঘটনা বলে মন্তব্য করেছেন। ২০০২ সালে ইন্দোনেশিয়ার কাছ থেকে আনুষ্ঠানিকভাবে স্বাধীনতা লাভ করে পূর্ব তিমুর। এরপর দেশটির পার্লামেন্টের ৩০ শতাংশ সদস্য নারী। অপরদিকে ভারতে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে রাজধানী নয়াদিল্লি থেকে কানাডার টরন্টো পর্যন্ত একটি বিমান সম্পূর্ণভাবে নারী ক্রুদের তত্ত্বাবধানে পরিচালিত হয়েছে। ১১ সদস্যের নারী ক্রুর তত্ত্বাবধানে এআই-১৮৭ বিমানটি টরন্টোর উদ্দেশে টানা ১৫ ঘণ্টার যাত্রা শুরু করে। এ ছাড়া আইজিআই বিমানবন্দর থেকে উড্ডয়নের আগে বোয়িং বি ৭৭৭-৩০০ ইআরকে নারী বিমান প্রকৌশলীদের পরীক্ষা-নিরীক্ষার পর উড্ডয়নের অনুমতি দেওয়া হয়। এ দিকে দেশটির অভ্যন্তরীণ কয়েকটি রুটেও সম্পূর্ণভাবে নারী ক্রুদের পরিচালনায় এ দিনটিতে বিমান চলাচল করার উদ্যোগ নেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে দিল্লি-পাটনা, দিল্লি-রায়পুর-নাগপুর, দিল্লি-লক্ষ্নৌ, মুম্বাই-বেঙ্গালুরু, চেন্নাই-মুম্বাই এবং বেঙ্গালুরু-দিল্লি। উল্লেখ্য, ভারতের বিমান সংস্থায় ১৫৭ জন নারী বিমানচালক আছেন। তাছাড়া এখানে প্রায় পাঁচ হাজার ৩০০ নারী কর্মী হিসেবে কাজ করছেন।আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে চারদিকে যখন নানা কর্মসূচি পালিত হচ্ছে, তখন কম্বোডিয়ায় দিবসটি পালনে কোনো শোভাযাত্রাও বের করতে দেওয়া হয়নি। নারী অধিকার সংস্থাগুলো জানিয়েছে, শোভাযাত্রা থেকে মত প্রকাশের স্বাধীনতার দাবি উত্থাপিত হওয়ার আশঙ্কা থেকেই নমপেন পৌর কর্তৃপক্ষ কোনো ধরনের শোভাযাত্রা বের করতে দেয়নি। এদিকে চেচনিয়ায় মুসলিম নেতা রমজান কাদিরভ তাঁর বিরুদ্ধে নারীর ওপর কঠোর আইন আরোপের অভিযোগ অস্বীকার করেছেন। এপি ও এএফপি।