উড়ন্ত গাড়ি অনুমোদন
জরুরি কাজে বাসা থেকে বের হলেন। দ্রুত গন্তব্যে যেতে হবে। কিন্তু গলির মুখ থেকে শুরু করে মহাসড়ক পর্যন্ত যানজটে একাকার। গাড়ি পথেই আটকে থাকল ঘণ্টার পর ঘণ্টা। নির্ধারিত সময়ে গন্তব্যে পৌঁছাতে পারলেন না। এমন পরিস্থিতির মুখোমুখি হলে যে কারও মনে হবে, আহা! গাড়িটি যদি উড়িয়ে নিয়ে যেতে পারতাম! যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলীয় অঙ্গরাজ্য ম্যাসাচুসেটসভিত্তিক বেসরকারি বিমান নির্মাতা প্রতিষ্ঠান টেরাফুগিয়া এমন ‘উড়ন্ত গাড়ি’ তৈরির পরিকল্পনা করেছে। এই গাড়ি প্রয়োজনে মহাসড়ক দিয়ে চালানো যাবে। আবার মনে হলে বিমানের মতো উড়িয়ে যাওয়া যাবে। মার্কিন কেন্দ্রীয় বেসামরিক বিমান চলাচল প্রশাসন (এফএএ) ‘ট্রানজিশন’ নামের এই গাড়ি নির্মাণের অনুমোদনও দিয়েছে। উড়ন্ত গাড়ির ধারণা সম্পূর্ণনতুন না হলেও এফএএ এবারই প্রথম কোনো মডেল অনুমোদন করল।দুই আসনবিশিষ্ট ট্রানজিশনের নকশায় দুটি পাখা রয়েছে। যার সাহায্যে এটি উড়তে পারবে। সড়কপথে এর গতিবেগ হবে ঘণ্টায় ৬৫ থেকে ৭০ মাইল। আর শূন্যে ঘণ্টায় ১১৫ মাইল। ২০১১ সালের মধ্যে এটি বাজারজাত করা হবে বলে আশা প্রকাশ করেছে নির্মাতা প্রতিষ্ঠানটি। এর দাম হবে এক লাখ ৯৪ হাজার মার্কিন ডলার। এরই মধ্যে ৭০ ব্যক্তি ‘উড়ন্ত গাড়ি’র কেনার জন্য ১০ হাজার ডলার করে অগ্রিমও জমা দিয়েছেন! টেলিগ্রাফ।