উড়ন্ত গাড়ি এ বছরেই
যানজটে অতিষ্ঠ! ভাবছেন, এমন যদি হতো, যানগুলোর ডানা গজাত! পাখির মতো উড়াল দিতে পারত! এ সুসংবাদই দিচ্ছে যুক্তরাষ্ট্রের একটি গাড়ি নির্মাতা কোম্পানি। এ বছরই আসছে উড়ন্ত গাড়ি। অভিনব ওই গাড়ির নাম ট্রানজিশন রোডেবল লাইট স্পোর্ট এয়ারক্রাফট। এটি কখনো বিমান, কখনো গাড়ি।এটি আর দশটা গাড়ির মতোই রাস্তায় ছুটবে। কিন্তু এর বিশেষত্ব অন্যখানে। এই গাড়ির রয়েছে দুটো ডানা। প্রয়োজনে গুটিয়ে রাখা যায়, আবার চাইলেই ওই দুটি ডানা বাতাসে মেলে দিয়ে আকাশে উড়াল দেওয়া যায়। উড়াল দিতে গাড়িটি সময় নেবে মাত্র ৩০ সেকেন্ড। তা-ও আবার ঘণ্টায় ১১৫ মাইল বেগে উড়বে এই গাড়ি। রাস্তায় ছুটবে প্রতি ঘণ্টায় ৬৫ মাইল বেগে। গাড়ির জ্বালানি হিসেবে পেট্রল ব্যবহার করা হবে। সাধারণ ফিলিং স্টেশন থেকে পেট্রল নিতে পারবে।যুক্তরাষ্ট্রের নির্মাতা কোম্পানি টেরাফুগিয়া ট্রানজিশন এই গাড়ি তৈরি করছে। কোম্পানি কর্তৃপক্ষ আশা করছে, এ বছরের শেষ দিকে চলবে তাঁদের এই উড়ন্ত গাড়ি। সানডে এক্সপ্রেস-এর এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।গাড়ি নির্মাতা কোম্পানিটির পক্ষ থেকে জানানো হয়েছে, ‘উড়ন্ত এই গাড়ি’র প্রতিটির মূল্য এক লাখ ২৫ হাজার থেকে এক লাখ ৬০ হাজার পাউন্ড।টেরেফুগিয়ার মুখপাত্র রিচার্ড গেরশ বলেন, তাঁদের উড়ন্ত এই গাড়ি একবার পরিপূর্ণ জ্বালানি নিয়ে ৪০০ থেকে ৪৫০ মাইল পর্যন্ত উড়তে পারবে। রাস্তা তো বটেই, সাধারণ বিমানবন্দরেও এটি ওঠানামা করতে পারবে।তিনি বলেন, ‘আমরা ইতিমধ্যে ১০০টি গাড়ির ফরমায়েশ পেয়েছি। তবে আশা করছি, প্রতিবছর অন্তত ২০০ গাড়ি বিক্রি করা সম্ভব হবে।’টেরেফুগিয়ার প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ক্যারল দিয়েত্রিচ জানিয়েছেন, তাঁদের এই গাড়ি ২৮ বার পরীক্ষামূলক উড়ানো হয়েছে। কোনো সমস্যাই দেখা দেয়নি। উড্ডয়নে দারুণ সফলতা এসেছে।কানাডীয় টেলিভিশনকে দেওয়া এক সাক্ষাৎকারে ক্যারল বলেন, উড়ন্ত গাড়ির চালক তাঁর অনুভূক্তি ব্যক্ত করতে গিয়ে তাঁকে জানিয়েছেন, ‘মনে হচ্ছিল গাড়ি নয়, ছোট্ট একটা বিমানে উড়ে বেড়াচ্ছি। চমৎকার অনুভূতি।’সিইও ক্যারল বলেন, এ গাড়ির আরও সুবিধা আছে। উড়তে গিয়ে প্রতিকূল আবহাওয়ার মুখোমুখি হলে চট করে ভূমিতে কিংবা রাস্তায় অবতরণ করতে পারবে। তারপর ডানা দুটো গুটিয়ে নিলেই হলো। ওই বিরূপ আবহাওয়ার মধ্যেও রাস্তায় শাঁই শাঁই করে ছুটে যাবে। পিটিআই অনলাইন।