উড়োজাহাজটি কখনোই না মিললে কী হবে?
২৩৯ আরোহী নিয়ে মালয়েশিয়া এয়ারলাইনসের ফ্লাইট ৩৭০ নিখোঁজ হওয়ার পর ১০ দিন পেরিয়ে গেছে। ২৫টি দেশ যৌথভাবে খুঁজেও উড়োজাহাজটির খোঁজ পায়নি। এ অবস্থায় একটি প্রশ্ন ঘুরেফিরে আসছে: উড়োজাহাজটি কখনোই আর খুঁজে না পাওয়া গেলে কী হবে?
আর যদি তা-ই হয়, উড়োজাহাজটির আরোহীদের স্বজনদের জন্য তা হবে পীড়াদায়ক ঘটনা। পাশাপাশি এটা উড়োজাহাজ পরিবহনশিল্পের জন্য হবে বিরাট বিব্রতকর একটা বিষয়। কেননা, উড়োজাহাজটির ভাগ্যে কী ঘটেছে, তা না জানতে পারলে এ থেকে তারা কোনো শিক্ষা নিতে পারবে না।
১৯৩৭ সালে প্রশান্ত মহাসাগরের ওপর উড়োজাহাজ নিয়ে বিখ্যাত আমেরিকান নারী বৈমানিক এমেলিয়া এয়ারহার্টের নিখোঁজের ঘটনা নিয়ে লেখা বইয়ের লেখক রিক গিলেস্পি বলেন, ‘যখনই এ ধরনের ঘটনা ঘটে, তা আমাদের হতবুদ্ধি করে। আমরা এতে বিরক্ত হই এবং ভয় পেয়ে যাই... কেউ কেউ বলতে শুরু করে, দেখো, এত বড় উড়োজাহাজও উধাও হয়ে যেতে পারে।’
পরিবহন নিরাপত্তাবিষয়ক সাময়িকী জার্নাল অব ট্রান্সপোর্টেশন সিকিউরিটির প্রধান সম্পাদক অ্যান্ড্রিউ টমাস বলেন, বিমান পরিবহনব্যবস্থাগুলো অনেকে যতটা সংবেদনশীল ভাবে, আসলে ততটা নয়। কেননা, বিমানবন্দর ও উড়োজাহাজগুলো আধুনিক জিপিএস পদ্ধতির পরিবর্তে এখনো পঞ্চাশের দশকে আবিষ্কৃত সেকেলে রাডার ট্র্যাকিং প্রযুক্তিই ব্যবহার করে।
অবশ্য, জিপিএস পদ্ধতি ব্যবহার করলেই যে ফ্লাইট ৩৭০ নিখোঁজের সব রহস্যের জট খুলে যেত, তেমনটি নয়। তবে এটির সর্বশেষ অবস্থান সম্পর্কে অনুসন্ধানকারীরা হয়তো ভালো তথ্য পেত বলে মনে করেন টমাস। বিশেষজ্ঞদের মতে, নিখোঁজের এ ঘটনা উড়োজাহাজের গতিবিধি যে পদ্ধতিতে পর্যযেক্ষণ করা হয়ে থাকে, তা উন্নত করতে বিমান সংস্থা ও সরকারগুলোর ওপরে চাপ বাড়বে। এপি।