উড়োজাহাজটি ভারত মহাসাগরে ডুবেছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সংবাদ সম্মেলনে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী নাজিব রাজাক
সংবাদ সম্মেলনে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী নাজিব রাজাক

মালয়েশিয়ার নিখোঁজ হওয়া উড়োজাহাজটি দক্ষিণ ভারত মহাসাগরে পার্থের কাছাকাছি কোনো এলাকায় বিধ্বস্ত হয়ে সেটি তলিয়ে গেছে। তবে বিমানটির সুনির্দিষ্ট ‘অবতরণস্থল’ জানা যায়নি।
ব্রিটিশ উপগ্রহ যোগাযোগ সরবরাহ সংস্থা ইনমারসাট এবং ইউকে এয়ার ইনভেস্টিগেশন ব্রাঞ্চের (এএআইবি) উদ্ধৃতি দিয়ে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী নাজিব রাজাক আজ সোমবার এ কথা জানিয়েছেন। খবর বিবিসির।
মালয়েশিয়া এয়ারলাইনস কর্তৃপক্ষ ওই বিমানের আরোহীদের স্বজনদের মুঠোফোনে আজ সোমবার এক খুদে বার্তা পাঠায়। এতে গভীর দুঃখ প্রকাশ করে আনুষ্ঠানিকভাবে জানানো হয়, ফ্লাইট৩৭০ নিখোঁজ হয়েছে। এ ব্যাপারে ‘কোনো সন্দেহ নেই’।
দুই সপ্তাহ আগে ২৩৯ জন আরোহীসহ নিখোঁজ উড়োজাহাজটি ধ্বংস হয়েছে বলে চূড়ান্ত ইঙ্গিত পাওয়ার পর মালয়েশিয়ার প্রধানমন্ত্রী নাজিব রাজাক আজ রাতে সংবাদ সম্মেলন করেন।
সংবাদ সম্মেলনে নাজিব রাজাক বলেন, ইনমারসাত ও এএআইবি তাদের উপগ্রহ তথ্য-উপাত্ত বিশ্লেষণ করে এই উপসংহারে এসে পৌঁছেছে যে এমএইচ৩৭০ ফ্লাইটের বিমানটি দক্ষিণ করিডর দিয়ে উড্ডয়ন করছিল। এটার সর্বশেষ অবস্থানস্থল ছিল ভারত মহাসাগরের মাঝে অবস্থিত পার্থের পশ্চিমের একটি এলাকায়। তিনি বলেন, এটা খুবই (ভূ-ভাগ থেকে) দূরবর্তী এলাকা। নিরাপদ অবতরণস্থল থেকে এটি বহু দূরে ছিল। তিনি ওই ফ্লাইটের যাত্রী ও ক্রুদের স্বজনদের ব্যক্তিগত নিভৃতির প্রতি শ্রদ্ধাশীল থাকতে গণমাধ্যমের প্রতি আহ্বান জানান।

স্বজনদের কাছে মালয়েশিয়া এয়ারলাইনসের পক্ষ থেকে পাঠানো বার্তায় বলা হয়েছে, ‘মালয়েশিয়া এয়ারলাইনস অত্যন্ত দুঃখের সঙ্গে সন্দেহাতীতভাবে এই সিদ্ধান্তে পৌঁছেছে যে এমএইচ৩৭০ নিখোঁজ হয়েছে এবং বিমানে থাকা কারোরই বেঁচে থাকার আশা নেই। তথ্য-উপাত্তে বলা হয়েছে, বিমানটি দক্ষিণ ভারত মহাসাগরে ডুবে গেছে এবং আমাদের এ তথ্য মেনে নিতেই হচ্ছে।’