উড়োজাহাজে নাচানাচি, দুই পাইলট বরখাস্ত
আকাশে উড়ছে উড়োজাহাজ। এ সময় হোলি উত্সবে নাচানাচিতে মেতে ওঠেন ভারতের স্পাইস জেট নামের একটি বিমান পরিবহন সংস্থার কর্মীরা। এ ঘটনায় দুজন পাইলটকে বরখাস্ত করা হয়েছে।
আজ বৃহস্পতিবার এনডিটিভির খবরে বলা হয়েছে, গত সোমবার চলন্ত অবস্থায়ই মাঝ আকাশে উড়োজাহাজের ভেতরে হোলি উত্সবে মেতে ওঠেন স্পাইস জেটের কর্মীরা। কিছুক্ষণ চলে নাচ ও হিন্দি গান। সেই নাচে অংশ নেন উড়োজাহাজের যাত্রীরাও।
খবরে আরও বলা হয়েছে, সেই নাচগানের ভিডিও ইউটিউবসহ সোশ্যাল মিডিয়ায় আপলোড করা হয়। এরপরই তোলপাড় শুরু হয়। ভিডিওতে দেখা যায়, একজন পাইলট ককপিট ছেড়ে এসে সহকর্মীদের সঙ্গে নাচগানে যোগ দেন। ওই পাইলটকে ছবি তুলতে দেখা গেছে। এ ধরনের ঘটনা উড়োজাহাজের নিরাপত্তার জন্য হুমকি। তাই দুজন পাইলটকে বরখাস্ত করা হয়েছে।
স্পাইস জেটের পক্ষ থেকে জানানো হয়েছে, তারা এই ঘটনার তদন্ত করে দেখবে। তবে উড়োজাহাজ কর্তৃপক্ষের দাবি, ককপিটে সব সময় উড়োজাহাজের কর্মীরা ছিলেন।