মালয়েশিয়া এয়ারলাইনস কর্তৃপক্ষ গতকাল মঙ্গলবার ফ্লাইট এমএইচ৩৭০-এর সঙ্গে কুয়ালালামপুরের বিমান নিয়ন্ত্রণকেন্দ্রের পূর্ণাঙ্গ কথোপকথনের অনুলিপি প্রকাশ করেছে। এতে উড়োজাহাজে শেষ মুহূর্তে কোনো অস্বাভাবিক পরিস্থিতির ইঙ্গিত পাওয়া যায়নি বলে জানিয়েছে কর্তৃপক্ষ। কর্তৃপক্ষ উড়োজাহাজের সর্বশেষ কথার যে বার্তা আগে প্রকাশ করেছিল, সেই অবস্থান থেকে তারা এখন সরে নতুন একটি বার্তা প্রকাশ করেছে।
এদিকে উড়োজাহাজের অনুসন্ধানে চলা অভিযান এ যাবৎকালের সবচেয়ে বড় চ্যালেঞ্জের মুখে পড়েছে বলে জানিয়েছে অস্ট্রেলিয়া। অভিযান সমন্বয় করার দায়িত্বে থাকা কর্মকর্তা গতকাল মঙ্গলবার এ তথ্য জানান।
গতকাল মালয়েশিয়া কর্তৃপক্ষ ফ্লাইট এমএইচ৩৭০-এর সঙ্গে কুয়ালালামপুরের বিমান নিয়ন্ত্রণকেন্দ্রের পূর্ণাঙ্গ কথোপকথনের অনুলিপি প্রকাশ করেছে। কর্তৃপক্ষ বলেছে, শেষ সময়ে উড়োজাহাজে অস্বাভাবিক পরিস্থিতির ইঙ্গিত পাওয়া যায়নি।
এর আগের দিন রাতে মালয়েশীয় কর্মকর্তারা এক বিবৃতিতে উড়োজাহাজের ককপিট (বিমানচালকের স্থান) ও এয়ার ট্রাফিক কন্ট্রোলের মধ্যে হওয়া সর্বশেষ কথার নতুন বার্তার কথা জানান। এতে বলা হয়, ককপিট থেকে সর্বশেষ পাওয়া কথা ছিল ‘গুড নাইট মালয়েশিয়ান ৩৭০’। ইতিপূর্বে কর্মকর্তারা বলেন, সর্বশেষ কথা ছিল, ‘অল রাইট, গুড নাইট’। কর্মকর্তারা কেন তাঁদের বক্তব্য এভাবে পাল্টে ফেললেন, তা স্পষ্ট নয়।
উড়োজাহাজটি গত ৮ মার্চ নিখোঁজ হয়। এএফপি।