ঋণসংকট মোকাবিলায় মতৈক্য প্রতিষ্ঠায় চ্যালেঞ্জের মুখে পাপান্দ্রু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গ্রিসের প্রধানমন্ত্রী জর্জ পাপান্দ্রু পার্লামেন্টে আস্থা ভোটে গতকাল শনিবার জয়লাভ করেছেন। তিনি ঋণসংকটগ্রস্ত গ্রিসে জাতীয় ঐক্য প্রতিষ্ঠার ঘোষণা দিলেও ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সহায়তা প্যাকেজ নিয়ে তাঁর এ প্রচেষ্টা হোঁচট খেতে পারে। বিরোধী দল পাপান্দ্রুর অধীনে কোনো জোট সরকারে যোগ দেবে না ঘোষণা দিয়ে আগাম নির্বাচনের দাবি জানিয়েছে। তা ছাড়া, ইইউ সহায়তা প্যাকেজের ওপর গণভোটের বিতর্কিত পরিকল্পনা নিয়ে নিজ দলের ভেতর থেকেই বিরোধিতার মুখে পড়েছেন তিনি।পার্লামেন্টে গতকাল অনুষ্ঠিত আস্থা ভোটে প্রধানমন্ত্রীর সোশ্যালিস্ট পার্টি অল্প ব্যবধানে জয়লাভ করে। পার্লামেন্টের স্পিকার বলেন, উপস্থিত ২৯৮ জন প্রতিনিধির মধ্যে ১৫৩ জন ওই পদক্ষেপ অনুমোদন করেছেন। ভোটের ফলাফলের পর এ বিষয়টি পরিষ্কার, প্রায় ঋণখেলাপি হতে চলা গ্রিসের সংকট মোকাবিলায় ইইউ সহায়তা প্যাকেজ বাস্তবায়ন করতে সক্ষম হবে দেশটি এবং সেটা ইউরোপজুড়ে আশার সঞ্চার করবে। ইইউ প্যাকেজ কার্যকর করতে একটি বৃহত্তর জোট গঠনের ঘোষণা দিয়ে পার্লামেন্টে ভাষণে প্রধানমন্ত্রী পাপান্দ্রু বলেন, তিনি জাতীয় ঐক্যের সরকার গঠনে রাজি আছেন। পার্লামেন্টে আইনপ্রণেতাদের ভোটাভুটি শুরুর সামান্য আগে পাপান্দ্রু ঘোষণা দেন, তিনি দেশের প্রেসিডেন্টের সঙ্গে সাক্ষাৎ করবেন এবং জাতীয় ঐক্যের সরকার গঠন নিয়ে আলোচনা শুরু করবেন। প্রধানমন্ত্রীর কার্যালয় জানিয়েছে, পাপান্দ্রু প্রেসিডেন্ট কারোলোস পাপুলিয়াসের সঙ্গে বৈঠক করে জাতীয় ঐক্যের সরকার গঠনের পরিকল্পনা ঘোষণা করবেন। তবে পার্লামেন্টে প্রধান বিরোধী দল নিউ ডেমোক্রেসি বলেছে, তারা পাপান্দ্রুর অধীনে জোট গঠনের দিকে হাঁটছে না। বিরোধীদলীয় নেতা অ্যান্টোনিস সামারাস বলেছেন, প্রধানমন্ত্রী পাপান্দ্রুকে অবশ্যই আগাম নির্বাচন দিতে হবে। বিরোধী দলের ওই দাবির পরিপ্রেক্ষিতে প্রধানমন্ত্রী পাপান্দ্রু বলেছেন, এ ধরনের ভোট অনুষ্ঠিত হলে, তা হবে দেশের জন্য বড় বিপর্যয়। অর্থমন্ত্রী এভাঞ্জেলস ভেনিজেলস বলেন, ইইউ সহায়তা প্যাকেজ পাওয়ার বিষয়টি নিষ্পত্তি হলেই নির্বাচন অনুষ্ঠান করা যেতে পারে। পাপান্দ্রু জাতীয় ঐক্যের সরকার গঠনের ঘোষণা দিলেও সে সরকারের নেতৃত্বে তিনি থাকতে পারবেন কি না, তা নিয়ে সংশয় রয়েছে। এথেন্সে বিবিসির সাংবাদিক মার্ক লোয়েন বলেন, মনে হচ্ছে, তিনি জোট সরকারের নেতৃত্বে থাকতে পারছেন না। অর্থমন্ত্রী একটি অন্তর্বর্তী সরকারের প্রধানের দায়িত্ব নিতে পারেন। প্রধানমন্ত্রী পাপান্দ্রু তাঁর রাজনৈতিক ভবিষ্যৎ নিয়েই শঙ্কিত। বিরোধী দলের পাশাপাশি নিজ দলের ভেতর থেকেই তাঁর পদত্যাগের দাবি উঠেছে। পদত্যাগের ইঙ্গিত দিয়ে তিনি বলেছেন, দেশকে বাঁচানোর ব্যাপারে তিনি নিজের অর্জনের বিষয়টি কখনোই বিবেচনায় আনবেন না। তিনি বলেন, ‘আমি চেয়ারের প্রত্যাশী নই। আমার কর্মকাণ্ডের মধ্য দিয়ে যদি এ বার্তা পৌঁছাতে পারি, আমরা শত্রু নই; তখনই আমি দেশের জন্য আমার ৩০ বছরের রাজনৈতিক ক্যারিয়ারের সবচেয়ে বড় অবদান রাখতে পারব।’ বিবিসি, এএফপি।