ঋণসীমা বাড়ানোর প্রস্তাব রিপাবলিকানদের
যুক্তরাষ্ট্রের চলমান সংকট এড়াতে স্বল্প মেয়াদে ঋণসীমা বাড়ানোর প্রস্তাব দিয়েছে দেশটির বিরোধী রিপাবলিকান দল। এই প্রস্তাবের জবাবে প্রেসিডেন্ট বারাক ওবামা বলেছেন, বিরোধীদের প্রস্তাবের বিস্তারিত বিবরণ পেলে তিনি বিষয়টি বিবেচনা করবেন।
প্রতিনিধি পরিষদের স্পিকার জন বোয়েনার বলেন, তাঁরা ১ অক্টোবর থেকে সরকারে সৃষ্ট অচলাবস্থার অবসান ঘটাতে হোয়াইট হাউসের সঙ্গে এই সমঝোতা করবেন। রিপাবলিকানদের গতকাল বৃহস্পতিবার ডেমোক্র্যাট দলের প্রেসিডেন্ট ওবামার সঙ্গে দেখা করার কথা।
ওহাইওর রিপাবলিকান জন বোয়েনার সাংবাদিকদের বলেন, ‘এটা নেতৃত্ব দেওয়ার সময়। এটা সমঝোতা ও আলোচনা শুরু করার সময়।’ বোয়েনারের এক মুখপাত্র বলেন, আজ (বৃহস্পতিবার) বিকেলের বৈঠকে শুধু ঋণসীমা বাড়ানো নিয়ে আলোচনা হবে। অন্য কোনো বিষয়ে নয়।
এদিকে প্রেসিডেন্ট বারাক ওবামা বলেছেন, ঋণসীমা বাড়াতে বিরোধীদের প্রস্তাবের বিস্তারিত বিবরণ পেলে তিনি তা ভেবে দেখবেন। হোয়াইট হাউসের মুখপাত্র জে কার্নে বলেন, রিপাবলিকানদের প্রস্তাবিত ঋণসীমা চুক্তিতে ওবামা সই দেবেন, তার কোনো নিশ্চয়তা নেই। কারণ হোয়াইট হাউস ওই প্রস্তাবের বিস্তারিত কিছু জানে না।
যুক্তরাষ্ট্রে পরিচালিত এক জরিপে দেখা গেছে, চলমান অর্থনৈতিক অচলাবস্থার জন্য অধিকাংশ মার্কিন বিরোধী দল রিপাবলিকান পার্টিকে দায়ী করছেন। প্রেসিডেন্ট ওবামাসহ শীর্ষস্থানীয় নেতাদের প্রায় সবার জনপ্রিয়তায়ও ধস নেমেছে। বিবিসি ও এএফপি।