ঋণসীমা বিল পাস হলেও সংকট কাটেনি ওবামার
কয়েক দিনের অচলাবস্থার পর গত মঙ্গলবার মার্কিন সিনেটে ঋণসীমা বাড়ানো এবং ব্যয় কাটছাঁট নিয়ে বিল পাস হয়েছে। তবে এই বিল প্রেসিডেন্ট ওবামার ঠিক মনমতো হয়নি। এ ছাড়া বিল পাস হলেও ওবামার রাজনৈতিক সংকটও কাটেনি।গত সোমবার বিলটি প্রতিনিধি পরিষদে ২৬৯-১৬১ ভোটে অনুমোদিত হয়। প্রতিনিধি পরিষদে বিলটি অনুমোদিত হলেও ক্ষমতাসীন ডেমোক্র্যাটরা এ নিয়ে বিভক্ত হয়ে পড়েন। বিলটির পক্ষে ৯৫ জন ভোট দিলেও বাকি ৯৫ জন বিরোধিতা করেছেন। অন্যদিকে ১৭৪ জন রিপাবলিকান বিলের পক্ষে ভোট দিয়েছেন। ভেটো দিয়েছেন ৬৬ জন। বিলটি সিনেটে ৭৪-২৬ ভোটে পাস হয়। কংগ্রেসের উভয় কক্ষে বিলটি অনুমোদিত হওয়ার পর প্রেসিডেন্ট বারাক ওবামা তাতে সই করেন।বিশ্লেষকদের মতে, এক অর্থে ঋণসীমা বাড়ানোর বিতর্কে রিপাবলিকানদের কাছে প্রেসিডেন্ট ওবামার পরাজয় হয়েছে। এমনকি এই বিল নিয়ে বিভক্তি ছিল খোদ তাঁর দলের মধ্যেও। ওবামার এ পরাজয় মার্কিন অর্থনীতির প্রবৃদ্ধি পুনরুদ্ধার এবং ২০১২ সালের নির্বাচনে তাঁর বিজয় অর্জনের ইচ্ছাকে দুরূহ করে তুলতে পারে।এ বিল পাসের মধ্য দিয়ে যুক্তরাষ্ট্রের ঋণখেলাপি হওয়া নিয়ে সম্প্রতি যে উদ্বেগের সৃষ্টি হয়েছিল, এর অবসান হয়েছে। কিন্তু ২০১২ সালের প্রেসিডেন্ট নির্বাচনের তহবিল সংগ্রহ এবং সমর্থনের জন্য ওবামা যে উদারপন্থী শিবিরের ওপর নির্ভরশীল, তারা এই বিলে যথারীতি আশাহত হয়েছে।অপর দিকে এই বিল পাসে রিপাবলিকানরা উচ্ছ্বসিত। ঋণসীমা বাড়ানো নিয়ে রিপাবলিকানদের কাছে ওবামার পরাজয় বিরোধীদের আত্মবিশ্বাস বাড়িয়ে দিয়েছে। রিপাবলিকানরা ওবামাকে তাঁর ইচ্ছার বিরুদ্ধে আরও ব্যয় কমাতে বাধ্য করেছেন।যুক্তরাষ্ট্রে বর্তমানে ৯ দশমিক ২ শতাংশ মানুষ বেকার রয়েছে। এই বিল এ বেকারত্বের হার কমাতেও ওবামাকে সহায়তা করবে না।তবে আশার কথা, যুক্তরাষ্ট্রের বর্তমান অর্থনৈতিক সংকটের জন্য রিপাবলিকানদের দায়ী করেন বেশির ভাগ মার্কিন। এটা ওবামার জন্য একটা ভালো দিক।তবে এখনো হাল ছাড়েননি ওবামা। বাজেট ঘাটতি মোকাবিলায় আরও কাটছাঁটের প্রস্তাব দিতে একটি কমিটি গঠনের ঘোষণা দিয়েছেন তিনি। আগামী নভেম্বরের মধ্যে এ কমিটি তাদের প্রতিবেদন জমা দেবে। রয়টার্স।