ঋণে পিষ্ট কানাডার অর্ধেক চাকরিজীবী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অত্যধিক ঋণের চাপে দিশেহারা চাকরিজীবীরা
অত্যধিক ঋণের চাপে দিশেহারা চাকরিজীবীরা

কানাডার চাকরিজীবীদের প্রায় অর্ধেকই মাসের বেতন ঘরে নিয়ে যেতে পারেন না। এক দিকে বেতন হয়, আর সঙ্গে সঙ্গে তাঁদের ব্যাংক হিসাব থেকে নির্ধারিত অর্থ কেটে নেয় ঋণপ্রদানকারী আর্থিক প্রতিষ্ঠানগুলো। অতিরিক্ত পরিমাণে ঋণ নির্ভরতা ও অত্যধিক ব্যয় বৃদ্ধির কারণেই এমনটি হচ্ছে বলে জানিয়েছে কানাডীয় পেরোল অ্যাসোসিয়েশন (সিপিএ)। সাম্প্রতিক এক জরিপে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে সংস্থাটি এ কথা জানিয়েছে।
গত ২৭ জুন থেকে ৫ আগস্ট পর্যন্ত সময়ের মধ্যে এ জরিপ চালায় সিপিএ। মোট ৪ হাজার ৭৬৬ জন চাকরিজীবী এ জরিপে অংশ নেন। এতে দেখা যায়, অংশগ্রহণকারীদের প্রায় অর্ধেককেই মাসের শুরুতে প্রাপ্ত বেতনের একটি বড় অংশ ঋণ পরিশোধের জন্য ব্যয় করতে হয়। এমনকি ঋণের মাত্রা এত বেশি যে, বেতন পেতে এক সপ্তাহ দেরি হলেই বিপদে পড়তে হয় তাঁদের। এর মধ্যে ৩৫ শতাংশই জানিয়েছেন যে, তাঁরা ঋণের ভারে পিষ্ট হয়ে পড়েছেন।
কানাডার সংবাদমাধ্যম সিবিসি নিউজের প্রতিবেদনে জানানো হয়েছে, সাম্প্রতিক এ জরিপের বেশ কিছু আশঙ্কাজনক তথ্য উঠে এসেছে। নিয়মিত এ জরিপে গত নয় বছরে এবারই প্রথম চাকরিজীবীদের মধ্যে আবাসস্থল বন্ধক রেখে ঋণ নেওয়ার হার ৩০ শতাংশের বেশি পাওয়া গেছে, যাকে আশঙ্কাজনক বলছে সিপিএ। সাম্প্রতিক এ জরিপের তথ্যমতে, অংশগ্রহণকারীদের ৩২ শতাংশই নিজের আবাস্থল বন্ধক রেখে ঋণ নিয়েছেন। আর ২৩ শতাংশ নিয়েছেন ক্রেডিট কার্ডের বিপরীতে ঋণ।
ঋণের বোঝা বাড়ার কারণ হিসেবে জীবনযাত্রার ব্যয় বেড়ে যাওয়াকে দায়ী করেছে সিপিএ। সংস্থাটির তথ্যমতে, জরিপে অংশ নেওয়াদের ৩২ শতাংশ ব্যয় বৃদ্ধিকে ঋণের পরিমাণ বাড়ার কারণ হিসেবে উল্লেখ করেছেন। আর ২৫ শতাংশ অপ্রয়োজনীয় বিভিন্ন খাতের ব্যয়কে দায়ী করেছেন এর জন্য।