এ অধ্যাদেশ অর্থহীন: রাহুল

রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায় প্রশ্ন তুলেছিলেন একান্তে, এবার প্রকাশ্যে প্রশ্ন তুলে কংগ্রেস সহসভাপতি রাহুল গান্ধী বুঝিয়ে দিলেন, দুই বছরের সাজাপ্রাপ্ত অপরাধীদের এমপি-এমএলএ রেখে দিতে কেন্দ্রীয় সরকারের আনা অধ্যাদেশ প্রত্যাহার হতে চলেছে। রাহুলের মন্তব্যের পরপরই যুক্তরাষ্ট্র সফররত প্রধানমন্ত্রী মনমোহন সিং বিবৃতি দিয়ে সে ইঙ্গিতই দিয়েছেন।
গতকাল শুক্রবার নাটকীয়ভাবে নয়াদিল্লি প্রেসক্লাবে এসে রাহুল গান্ধী বলেন, ‘সরকারের অধ্যাদেশ জারির সিদ্ধান্ত একেবারেই অর্থহীন। এটা ছিঁড়ে ফেলে দেওয়া দরকার।’
প্রধান বিরোধী দল বিজেপির শীর্ষস্থানীয় নেতারা ইতিমধ্যেই রাষ্ট্রপতির সঙ্গে দেখা করে অধ্যাদেশে সই না করার অনুরোধ জানিয়েছেন। রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায় আইনমন্ত্রীসহ কয়েকজন মন্ত্রীকে ডেকে এ বিষয়ে ব্যাখ্যা চান।
গতকাল দুপুরে প্রেসক্লাবে কংগ্রেসের সাধারণ সম্পাদক ও মিডিয়া বিভাগের চেয়ারম্যান অজয় মাকেনের একটি সংবাদ সম্মেলন ছিল। অধ্যাদেশ নিয়ে নানা প্রশ্নে অজয় মাকেন যখন জেরবার, ঠিক তখনই তাঁর মুঠোফোনে রাহুলের ফোন আসে। অনুষ্ঠানের বিষয় শোনামাত্র রাহুল প্রেসক্লাবে পৌঁছান ও অধ্যাদেশ সম্পর্কে নিজের মত স্পষ্ট করে দেন। রাহুল বলেন, ‘এটা সম্পূর্ণ অর্থহীন। সরকার যা করছে তা মানা যায় না। অধ্যাদেশটা ছিঁড়ে উড়িয়ে দেওয়া উচিত।... সব রাজনৈতিক দলই অধ্যাদেশ আনে। সময় এসেছে এসব অর্থহীন বিষয়ে অধ্যাদেশ জারি বন্ধ করার।’
এদিকে পরিস্থিতি বুঝতে পেরেই হয়তো ঘর সামলাতে তৎপর হয়েছেন মনমোহন। প্রধানমন্ত্রীর পক্ষে রাহুলের মন্তব্য নিশ্চয়ই সম্মানজনক ছিল না। নওয়াজ শরিফের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকের আগে আগে তাঁর অধিষ্ঠানকে এইভাবে চ্যালেঞ্জের মুখে ফেলে দিলেন তাঁরই দলের সহসভাপতি! এক বিবৃতিতে প্রধানমন্ত্রী বলেছেন, রাহুল শুধু বিবৃতি দেননি, ইতিমধ্যেই তাঁকে এ নিয়ে লিখেছেন। দেশেও এ নিয়ে অনেক হৈচৈ হচ্ছে। কাজেই দেশে ফিরে মন্ত্রিসভার বৈঠকের পর বিষয়টি বিবেচনা করা হবে।