এ ধরনের মৃত্যু মেনে নেওয়া হবে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা কানেটিকাটের বিদ্যালয়ে বন্দুকধারীর গণহত্যার মতো দুঃখজনক ঘটনার পুনরাবৃত্তি রোধে দৃঢ় অঙ্গীকার করেছেন। তিনি বলেছেন, অবশ্যই এ ধরনের দুঃখজনক ঘটনার অবসান ঘটাতে হবে।গত রোববার কানেটিকাট অঙ্গরাজ্যের নিউটাউনে বন্দুকধারীর হামলায় নিহতদের স্মরণসভায় ওবামা এসব কথা বলেন। তিনি বলেন, এ ধরনের মৃত্যু আর মেনে নেওয়া হবে না।স্মরণসভায় খ্রিষ্টান, মুসলিম ও ইহুদি সম্প্রদায়ের নেতারা ও কানেটিকাটের গভর্নর ড্যান ম্যালয় বক্তব্য দেন। গত শুক্রবার আত্মঘাতী বন্দুকধারী অ্যাডাম ল্যানজা (২০) এলোপাতাড়ি গুলি করে নিউটাউনের স্যান্ডি হুক এলিমেন্টারি স্কুলের ২০ শিশুসহ ২৭ জনকে হত্যা করেন। স্মরণসভায় ওবামা বলেন, ‘সারা দেশের মানুষের পক্ষ থেকে ভালোবাসা ও প্রার্থনা নিয়ে আমি এখানে এসেছি। অপরিসীম দুঃখের বোঝা আপনাদের একা বহন করতে হবে না; সারা দেশ আপনাদের সঙ্গে কাঁদছে।’ নিহত শিশুদের সবার নাম একে একে পাঠ করেন মার্কিন প্রেসিডেন্ট। এ ছাড়া ওই শিশুদের বাঁচাতে জীবনদানকারী ছয় শিক্ষকের নামও শ্রদ্ধাভরে উচ্চারণ করেন তিনি। যুক্তরাষ্ট্রে অস্ত্র নিয়ন্ত্রণে প্রয়োজনীয় কঠোর আইন করার ব্যাপারে সরাসরি কোনো বক্তব্য দেননি ওবামা। তবে এ ব্যাপারে পদক্ষেপ নেওয়ার ইঙ্গিত দিয়ে তিনি বলেন, ‘শিশুদের রক্ষা করা আমাদের প্রথম দায়িত্ব। সেই অধিকার থেকে বঞ্চিত হলে আমরা কোনো কাজই ঠিকমতো করতে পারব না।’যুক্তরাষ্ট্রে আগ্নেয়াস্ত্র নিয়ন্ত্রণে শিগগিরই কঠোর আইন হবে বলে ধারণা করা হচ্ছে। কংগ্রেসের পরবর্তী অধিবেশনের প্রথম দিনেই (৩ জানুয়ারি, ২০১৩) অস্ত্রের অবৈধ ব্যবহার নিষিদ্ধকরণ বিল উত্থাপনের প্রতিশ্রুতি দিয়েছেন ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের সিনেটর ডিয়ান ফেইনস্টেইন। ১৯৯৪ সালে প্রণীত এ ধরনের একটি আইনের মেয়াদ ২০০৪ সালে শেষ হয়। ২০০৮ সালের প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী হওয়ার পর ওবামা ওই আইন পুনর্বহালের প্রস্তাব সমর্থন করলেও বিষয়টি তাঁর প্রথম মেয়াদে প্রাধান্য পায়নি। কানেটিকাটসহ যুক্তরাষ্ট্রের বেশ কয়েকটি অঙ্গরাজ্যে অস্ত্র কেনার ওপর কঠোর নিষেধাজ্ঞা রয়েছে। তবে কেন্দ্রীয় সরকারের কোনো নিষেধাজ্ঞা না থাকায় অন্যান্য অঙ্গরাজ্য থেকে আগ্নেয়াস্ত্র বহন রোধ করা যাচ্ছে না। এএফপি ও বিবিসি।