এ বছর বিশ্বে ৬৬ সাংবাদিক নিহত হয়েছেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এ বছর বিশ্বের বিভিন্ন স্থানে পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে ৬৬ জন সাংবাদিক নিহত হয়েছেন। এঁদের অধিকাংশই আরব অভ্যুত্থান, মেক্সিকোতে সংঘবদ্ধ সন্ত্রাস এবং পাকিস্তানের রাজনৈতিক বিশৃঙ্খলার খবর সংগ্রহ করতে গিয়ে নিহত হন। প্যারিসভিত্তিক সাংবাদিকদের সংগঠন রিপোর্টার্স উইদাউট বর্ডারস (আরএসএফ) গতকাল বৃহস্পতিবার এ পরিসংখ্যান তুলে ধরে। আরএসএফ জানায়, চলতি বছরে প্রায় এক হাজার ৪৪ জন সাংবাদিক গ্রেপ্তার হয়েছেন। এ সংখ্যা গত বছরের তুলনায় প্রায় দ্বিগুণ। আরব বিশ্বের গণ-আন্দোলনের সময় বহু সাংবাদিককে গ্রেপ্তার করা হয়েছে। পাশাপাশি গ্রিস, বেলারুশ, উগান্ডা, চিলি, যুক্তরাষ্ট্রেও আন্দোলনের খবর সংগ্রহ করতে গিয়ে অনেক সাংবাদিক গ্রেপ্তার হন।সংগঠনটি জানিয়েছে, পাকিস্তানে এ বছর ১০ জন সাংবাদিক নিহত হয়েছেন। এর মধ্যে অধিকাংশ সাংবাদিককেই হত্যা করা হয়েছে। এ হত্যার কারণে গত বছরসহ চলতি বছরেও খবর সংগ্রহের ক্ষেত্রে সবচেয়ে ঝুঁকিপূর্ণ দেশ হিসেবে বিবেচিত হয়েছে পাকিস্তান।মধ্যপ্রাচ্যে গণতন্ত্রপন্থী বিক্ষোভকারীদের সঙ্গে সরকারপক্ষের সংঘর্ষে নিহত হয়েছেন ২০ জন সাংবাদিক। অন্যদিকে লাতিন আমেরিকায়ও সন্ত্রাসীদের সহিংসতায় নিহত হয়েছেন সমসংখ্যক সাংবাদিক। আরএসএফ আরও জানায়, কায়রো তাহরির স্কয়ার থেকে পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের খুজদার, মোগাদিসু থেকে ফিলিপাইন পর্যন্ত—এসব এলাকায় রাজনৈতিক অস্থিরতা চলাকালে কাজ করতে গিয়ে ভয়ানক ঝুঁকির মুখে পড়েন সাংবাদিকেরা।উল্লেখ্য, ২০১০ সালে সারা বিশ্বে ৫৭ জন সাংবাদিক নিহত হয়েছিলেন। রয়টার্স।