এ বছর ৬৬ জন সাংবাদিক নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্বব্যাপী সাংবাদিকদের ওপর বর্বর হামলা ও তাঁদের অপহরণের ঘটনা অনেক বেড়ে গেছে। মিডিয়ার কর্মীদের ওপর এসব হামলার ঘটনায় এ বছর ৬৬ জন নিহত হয়েছেন। আজ মঙ্গলবার রিপোর্টার্স উইদাউট বর্ডারর্স এ-সংক্রান্ত প্রতিবেদন প্রকাশ করেছে।

ইদানীং সংঘাতের খবর সংগ্রহ করতে গিয়ে ইসলামিক স্টেট (আইএস) গ্রুপের হাতে জেমস ফলি ও স্টিফেন সটলফের শিরশ্ছেদের ঘটনার মধ্য দিয়ে সাংবাদিকেরা কি ভয়াবহ ঝুঁকির মুখে পড়েছন, তা তুলে ধরা হয় প্রতিবেদনে ।
রিপোর্টার্স উইদাউট বর্ডাসের্র বার্ষিক প্রতিবেদনে বলা হয়, ‘এভাবে সাংবাদিকদের হত্যার ঘটনা বিশ্বকে স্তম্ভিত করেছে।’
তবে ওই প্রতিবেদনে বলা হয়, আগের বছরের তুলনায় এ বছর সাংবাদিক হত্যার ঘটনা কিছুটা কমেছে। আগের বছর বিশ্বে ৭১ জন সাংবাদিককে হত্যা করা হয়েছিল। ২০০৫ সাল থেকে এখন পর্যন্ত মোট ৭২০ জন সাংবাদিককে হত্যা করা হয়।
এদিকে হত্যার ঘটনা কমলেও এ বছর সাংবাদিকদের অপহরণের ঘটনা ৩৭ শতাংশ বেড়েছে। এ বছর মোট ১১৯ জন সাংবাদিককে অপহরণ করা হয়। তাঁদের মধ্যে ইউক্রেন থেকে ৩৩, লিবিয়া থেকে ২৯ ও সিরিয়া থেকে ২৭ জন সাংবাদিককে অপহরণ করা হয়। তাঁরা এখনো জিম্মি রয়েছেন।

প্রতিবেদনে আরও বলা হয়, ‘স্থানীয় সাংবাদিকেরা সবচেয়ে বেশি ঝুঁকির মধ্যে রয়েছেন। অপহৃত সাংবাদিকদের ৯০ শতাংশই স্থানীয়।’
বর্তমানে সিরিয়ায় সশস্ত্র গ্রুপের হাতে ২২ জন সাংবাদিক বন্দী রয়েছেন। এঁদের মধ্যে ১৬ জনই সিরিয়ার নাগরিক।
প্রতিবেদনে কয়েকজন সাংবাদিক যাঁরা নিজ দেশে দণ্ডিত এমন কয়েকটি বিষয় তুলে ধরা হয়। এর মধ্যে রায়েফ বাদাউ রয়েছেন। প্রেস ফ্রিডম পুরস্কারজয়ী সৌদি আরবের এই সিটিজেন-সাংবাদিককে ‘ইসলামের অবমাননার’ দায়ে গত সেপ্টেম্বরে ১০ বছরের কারাদণ্ড ও এক হাজার দোররা মারার দণ্ড দেওয়া হয়। ৮ ডিসেম্বর পর্যন্ত এক বছরে ১৭৮ জন সাংবাদিক কারাগারে ছিলেন। গত বছরও সংখ্যাটি একই ছিল।
এর মধ্যে ১৯৯৭ সালে ইউনেসকোর ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম পুরস্কারজয়ী গাও উইসহ চীনে বর্তমানে ৩৩, ইরিত্রিয়ায় ২৮ ও ইরানে ১৯ জন সাংবাদিক কারাগারে রয়েছেন।