এ বছরই ইয়েমেনে দুর্ভিক্ষ দেখা দিতে পারে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

জাতিসংঘ হুঁশিয়ারি দিয়েছে, যুদ্ধবিধ্বস্ত ইয়েমেনের খাদ্য-সংকট চলতি বছরে দুর্ভিক্ষে মোড় নিতে পারে। জাতিসংঘের মানবিক সহায়তা কার্যক্রমের প্রধান স্টিফেন ও’ব্রিয়েন নিরাপত্তা পরিষদে এই হুঁশিয়ারি দেন।
ও’ব্রিয়েন বলেন, ইয়েমেনের কমপক্ষে ২০ লাখ লোককে না খেয়ে মরার হাত থেকে বাঁচাতে সেখানে জরুরি ভিত্তিতে খাদ্য-সহায়তা পাঠানো দরকার। চলতি বছরেই সেখানে ৬৩ শতাংশের বেশি শিশু পুষ্টিহীনতার শিকার হতে পারে। নানা ধরনের রোগে ভুগে তারা মারা যাচ্ছে। তিনি বলেন, দেশটিতে বর্তমানে প্রতি ১০ মিনিটে প্রতিরোধ করা সম্ভব এমন রোগে পাঁচ বছরের কম বয়সী একটি শিশু মারা যাচ্ছে।
তীব্র দারিদ্র্য, যুদ্ধে বিধ্বস্ত এবং সৌদি নেতৃত্বাধীন বাহিনীর নৌপথে নিষেধাজ্ঞার কারণে দেশটির খাদ্যনিরাপত্তা ধ্বংস হয়ে গেছে।
দেশটির ১ কোটি ৪০ লাখ মানুষ বর্তমানে খাদ্যনিরাপত্তাহীনতায় রয়েছে। এদের মধ্যে ২২ লাখ শিশুও রয়েছে, যারা পুষ্টিহীনতায় ভুগছে। এদের মধ্যে ৫ লাখ শিশুর পুষ্টিহীনতা ভয়াবহ পর্যায়ে।
ও’ব্রিয়েন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্যসহ পশ্চিমা বিশ্বের সমর্থনপুষ্ট সৌদি নেতৃত্বাধীন জোটের প্রতি নো ফ্লাই জোন তুলে নেওয়ার পাশাপাশি দেশটির রাজধানী সানার বিমানবন্দর খুলে দেওয়ার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, বিধবা, এতিম, প্রতিবন্ধী এবং বয়োজ্যেষ্ঠরা সরকার থেকে মাসিক ভাতা পাচ্ছেন না। ১০ লাখ ২৫ হাজার সরকারি চাকরিজীবী তাঁদের নিয়মিত বেতন পাচ্ছেন না।