এ বছরই মার্কিন অভিবাসন আইন
মার্কিন অভিবাসন আইন সংস্কার প্রশ্নে নতুন অবস্থান গ্রহণের ইঙ্গিত দিয়েছেন প্রেসিডেন্ট বারাক ওবামা। বিষয়টি নিয়ে রিপাবলিকানদের সঙ্গে মাঝামাঝি পর্যায়ের সমঝোতায় যাচ্ছেন তিনি। আর সেটা সম্ভব হলে চলতি বছরই যুক্তরাষ্ট্রের নতুন অভিবাসন আইন হবে বলে মনে করছেন অনেকে।
সম্প্রতি দুটি সাক্ষাৎকারে ওবামা জানান, অভিবাসন আইন সংস্কার বিষয়ে বিরোধী দল রিপাবলিকান পার্টির সঙ্গে তাঁর দল ক্ষমতাসীন ডেমোক্রেটিক পার্টির আদর্শগত ব্যবধান কমে আসছে। এর আগে রিপাবলিকান পার্টির প্রতিনিধি পরিষদ ও সিনেটের প্রধানেরা জানান, অভিবাসনব্যবস্থা সংস্কারের বিষয়ে তাঁদের অবস্থানের কিছুটা পরিবর্তন হতে পারে। এখন যুক্তরাষ্ট্রে যাঁরা অবৈধ অভিবাসী রয়েছেন, তাঁরা নির্দিষ্ট প্রক্রিয়া শেষে বৈধতা পাবেন—রিপাবলিকান পার্টি এমন অবস্থান নিতে পারে।
রিপাবলিকানদের এমন ইঙ্গিতের পর ওবামা নিজেদের আগের অবস্থান থেকে সরে আসার ইঙ্গিত দেন। হোয়াইট হাউস চাচ্ছিল, অভিবাসন আইন সংস্কারের ক্ষেত্রে অবশ্যই একটি পথ খোলা রাখতে হবে, যাতে যুক্তরাষ্ট্রে অবস্থান করা এক কোটি ১০ লাখ অবৈধ অভিবাসীর বৈধ হওয়ার পথ খোলা থাকে। এখন সেই অবস্থান থেকে ওবামাও কিছুটা সরে যেতে পারেন।
গত শুক্রবার ওবামা অনলাইন ভিডিও আলাপচারিতায় বলেন, ‘অভিবাসন আইন সংস্কার নিয়ে এখনো বেশ কিছু বিষয়ে মতবিরোধ রয়েছে। তবে আমার দৃঢ় বিশ্বাস, চলতি বছরই আমরা অভিবাসন আইন সংস্কার করতে পারব।’
প্রেসিডেন্ট ওবামার কঠোর সমালোচক বলে পরিচিত রিপাবলিকান নেতা ও প্রতিনিধি পরিষদের সদস্য লুইস ভি গুটিয়ারেজ বলেন, অভিবাসন আইন সংস্কারপ্রক্রিয়া সঠিক পথেই রয়েছে। নতুন আইনে অবৈধ অভিবাসীদের বৈধতা দেওয়ার পথ থাকা উচিত। ওয়াশিংটন পোস্ট।