
ইসরায়েল-ফিলিস্তিন শান্তি আলোচনার পরবর্তী দফা চলতি আগস্ট মাসেই অনুষ্ঠিত হবে। ইসরায়েলের বিচারমন্ত্রী সিপি লিভনি গতকাল শনিবার এ কথা বলেছেন। তিনি মার্কিন মধ্যস্থতায় চলমান এই শান্তি আলোচনায় ইসরায়েলের পক্ষে নেতৃত্ব দিচ্ছেন।
ওয়াশিংটনে সূচনা বৈঠকের সময়ই বলা হয়েছিল মধ্যপ্রাচ্য অঞ্চলেই উভয় পক্ষ পরবর্তী দফা সরাসরি আলোচনায় বসবে।
বেসরকারি টেলিভিশন স্টেশন চ্যানেল-১০-কে দেওয়া এক সাক্ষাৎকারে সিপি লিভনি বলেন, ওয়াশিংটনে যে আলোচনা শুরু হয়েছিল তা চলতি মাসের দ্বিতীয় সপ্তাহে আবার শুরু হবে এবং তা এ অঞ্চলেই অনুষ্ঠিত হবে। তিনি জানান, আলোচনার কিছু অংশ ইসরায়েলি এবং কিছু ফিলিস্তিনি ভূখণ্ডে অনুষ্ঠিত হবে। আলোচনা শুরুর আগেই ১০৪ জন ফিলিস্তিনি বন্দীর প্রথম দলটিকে মুক্তি দেওয়া হতে পারে।
আগামী নয় মাসের মধ্যে শান্তিচুক্তির ব্যাপারে ফিলিস্তিনি শীর্ষ আলোচক সায়েব এরেকাতের সঙ্গে যে সমঝোতা হয়েছে তার প্রতি শ্রদ্ধা রাখা হবে কি না, এমন প্রশ্নের সতর্ক জবাব দেন ইসরায়েলি শীর্ষ আলোচক লিভনি। তিনি বলেন, ‘যদি আট মাস পার হওয়ার পর দেখতে পাই যে আমরা একটি সমঝোতা চুক্তির সন্নিকটে রয়েছি এবং আরও সময় দরকার, তবে আলোচনা অব্যাহত রাখব। তবে আলোচনা যদি সৌহার্দ্যপূর্ণ না হয়, তবে সেটা আমরা এক মাসের মধ্যেই তা বুঝতে পারব।’
এর আগে গত বুধবার লিভনি বলেছিলেন, ওয়াশিংটনে অনুষ্ঠিত প্রথম দফা সরাসরি আলোচনার মাধ্যমে তিনি উৎসাহিত হয়েছেন। ইসরায়েলের সেনা রেডিওকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি তখন বলেন, ‘প্রথম বৈঠক থেকে ফেরার পর আমি উৎসাহিত হয়েছি। সেখানে একধরনের উদ্দীপনার পাশাপাশি আশাও ছিল।’
তিন বছর ধরে ইসরায়েল-ফিলিস্তিন সরাসরি শান্তি আলোচনা বন্ধ ছিল। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরির বিগত কয়েক মাসের জোরদার কূটনৈতিক প্রচেষ্টার পর উভয় পক্ষ গত সপ্তাহে ওয়াশিংটনে আলোচনায় বসে। এতে ইসরায়েলের পক্ষে সিপি লিভনি ও ফিলিস্তিনের পক্ষে সায়েব এরেকাত নেতৃত্ব দেন। এএফপি।