এ মাসেই মিয়ানমার সফরে যাবেন ওবামা
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা চলতি মাসের মাঝামাঝি সময়ে মিয়ানমার সফর করবেন। এর মধ্য দিয়ে শুরু হবে দ্বিতীয় মেয়াদে ওবামার প্রথম বিদেশ সফর। এটাই কোনো মার্কিন প্রেসিডেন্টের প্রথম মিয়ানমার সফর। গত বৃহস্পতিবার হোয়াইট হাউসের মুখপাত্র জে কার্নি এ কথা জানিয়েছেন। হোয়াইট হাউসের মুখপাত্র জে কার্নি বলেন, ১৭ থেকে ২০ নভেম্বর পর্যন্ত দক্ষিণ-পূর্ব এশিয়া সফরের অংশ হিসেবে ওবামা মিয়ানমার, থাইল্যান্ড ও কম্বোডিয়ায় যাবেন। ইয়াঙ্গুনের একটি সরকারি সূত্র বলেছে, প্রেসিডেন্ট ওবামা ১৯ নভেম্বর মিয়ানমার সফর করবেন।সফরকালে ওবামা মিয়ানমারের প্রেসিডেন্ট থেইন সেইন ও গণতন্ত্রপন্থী নেত্রী অং সান সু চির সঙ্গে আলাদাভাবে বৈঠক করবেন। কয়েক মাস ধরে মিয়ানমারের পশ্চিমাঞ্চলীয় রাখাইন রাজ্যে মুসলিম রোহিঙ্গা ও জাতিগত রাখাইন বৌদ্ধদের মধ্যে সহিংসতা চলছে। এ ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন। একই সঙ্গে এই দাঙ্গা মোকাবিলায় দেশটির সরকারের গৃহীত পদক্ষেপের সমালোচনা করেছে সেখানে কর্মরত জাতিসংঘের তদন্তকারী দল।কয়েক দশকের সামরিক শাসন অবসানের পর ২০১০ সালে মিয়ানমারে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়। ওই নির্বাচনের পর দেশটিতে নামমাত্র বেসামরিক সরকার প্রতিষ্ঠিত হয়। ক্ষমতা গ্রহণের পর গত বছর থেকে সরকার অর্থনৈতিক ও রাজনৈতিক সংস্কার শুরু করেছে। তবে দেশটির পরিস্থিতি এখনো নাজুক বলে কেউ কেউ বিবেচনা করছেন। মিয়ানমার ওবামাকে উষ্ণ অভ্যর্থনা জানাচ্ছে উল্লেখ করে সরকারি মুখপাত্র মাজ জ তে বলেন, ‘প্রেসিডেন্ট ওবামা এবং মার্কিন জনগণের সমর্থন ও উৎসাহ প্রেসিডেন্ট থেইন সেইনের সংস্কার বাস্তবায়নের প্রতিশ্রুতিকে অনেক দূর এগিয়ে নেবে।’সু চির ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসির (এনএলডি) নির্বাহী কমিটির সদস্য হান থা মিন্ত বলেন, ‘আমি বিশ্বাস করি, এটা (ওবামার সফর) দুই দেশের সম্পর্কোন্নয়নের পরিষ্কার লক্ষণ এবং এই অনুকূল পরিবেশ সৃষ্টির পেছনে এনএলডি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে—এ জন্য আমি গর্বিত।’ রয়টার্স ও বিবিসি।