এ যেন আরেক সিন্ডারেলার গল্প!
প্রিন্স উইলিয়ামের সঙ্গে কেট মিডলটনের বিয়ে যেন রূপকথারই এক গল্প। যেন রূপকথার সেই সিন্ডারেলা বাস্তবে এসে এক রাজকুমারের মন জয়ে করে নিয়েছে। গতকাল শুভ পরিণয়ের মাধ্যমে সেই প্রেমকাহিনির হয়েছে সফল পরিণতি। ব্রিটিশ রাজপরিবারের বহুল আলোচিত বিয়ে নিয়ে গতকাল শুক্রবার এমনই মন্তব্য ছিল বিভিন্ন পত্রপত্রিকায়।যুক্তরাজ্যের পত্রিকা দ্য ডেইলি মেইল-এ সম্পাদকীয়তে লেখা হয়, ‘আসুন, আমরা এ বিয়েকে মহিমান্বিত করি। কারণ, এর মধ্য দিয়ে আবারও প্রমাণিত হলো, ব্রিটেনই এমন সব ঘটনার জন্ম দেয়, যা সারা বিশ্বে সমাদৃত হয়।’ সম্পাদকীয়তে বলা হয়, সম্পূর্ণ ভিন্ন পরিবেশে বেড়ে ওঠা এই দুজনের বিয়ের বিষয়টি নিয়ে কোনো বিতর্ক সৃষ্টি হয়নি। এতে বোঝা যায়, গত কয়েক দশকে ব্রিটিশ নাগরিকদের মানসিকতার কতটা পরিবর্তন ঘটেছে। ডায়ানার প্রিয় আলোকচিত্রী মারিও তেসতিনোর তোলা উইলিয়াম ও কেটের একটি ছবি দ্য সান, দ্য মিরর ও দ্য ডেইলি এক্সপ্রেস-এর মতো শীর্ষস্থানীয় পত্রিকার প্রচ্ছদ পাতায় গতকাল জ্বলজ্বল করছিল।ডায়ানার মৃত্যুর পর ব্রিটিশ রাজ পরিবারের মানসিকতার যে বিরাট পরিবর্তন হয়েছে, তা বোঝাতে টেলিগ্রাফ পত্রিকায় লেখা হয়েছে, ‘এটি খুব দুঃখের বিষয় যে প্রিন্স অব ওয়েলস ডায়ানা তার ছেলের এ বিয়ে দেখে যেতে পারলেন না।’ সংবাদপত্রটির সম্পাদকীয়তে বলা হয়, ‘এ বিয়ের মধ্য দিয়ে আমাদের রাজপরিবার ও জাতীয় জীবনে নতুন কোনো অধ্যায় হয়তো উন্মোচিত হবে না, বরং নতুন একটি গ্রন্থই রচিত হবে। উইলিয়াম ও কেটের এ সম্পর্ক রাজপরিবারের দীর্ঘ অভিযাত্রারই ফল।’ টাইমস সাময়িকীতে বলা হয়, ‘এ বিয়ে রাজ প্রাসাদ ও জনগণের মধ্যে যেন এক নতুন বন্ধন।’লন্ডন থেকে প্রকাশিত ডেইলি টেলিগ্রাফ পত্রিকায় লেখা হয়, ‘এ বিয়ের মধ্য দিয়ে বিশ্ববাসীর সামনে প্রমাণিত হলো, রূপকথাও বাস্তব হয়, হতে পারে।’অস্ট্রেলিয়ান ডেইলি লিখেছে, ‘হলিউডের জন্য এ বিয়ে একটি লোভনীয় সিন্ডারেলার গল্প।’ এএফপি।