এ যেন রূপকথার বিয়ে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এ যেন সেই রূপকথা। রাজপুত্র এল। চারপাশে পাত্র-মিত্র, আমির-ওমরাহ, সেপাই-সান্ত্রি। রাজকন্যা কম্পিত গ্রীবা তুলে তাকাল। হাত বাড়াল। রাজপুত্র তার আঙুলে পরিয়ে দিল সোনার অঙ্গুরীয়। জমকালো বিয়ের অনুষ্ঠান শেষে শাহি ঘোড়ার গাড়িতে করে তারা ছুটে চলল প্রাসাদের দিকে।নানি-দাদির মুখে শোনা রূপকথার সেই পাত্র-পাত্রীকে বিশ্বের প্রায় ২০০ কোটি লোকের ৪০০ কোটি চোখ গতকাল শুক্রবার টেলিভিশনের পর্দায় অপলক চেয়ে দেখল। মহাসমারোহে শেষ হলো ব্রিটেনের রাজসিংহাসনের দ্বিতীয় উত্তরাধিকারী প্রিন্স উইলিয়াম ও তাঁর বাগদত্তা কেট মিডলটনের বিয়ে।বাংলাদেশ সময় বিকেল সোয়া চারটার দিকে ওয়েস্টমিনস্টার গির্জায় শুরু হয় বিয়ের আনুষ্ঠানিকতা। এ সময় উইলিয়াম পরেছিলেন ব্রিটেনের ঐতিহ্যবাহী লাল রঙের সেনা উর্দি। কেট মিডলটনের পরনে ছিল সনাতনী লম্বা সাদা গাউন। বিয়ে পড়ান অ্যাংলিকান গির্জার প্রধান যাজক রোয়ান উইলিয়ামস। রাজপরিবারের প্রথা অনুযায়ী উইলিয়াম তাঁর দাদি রানি দ্বিতীয় এলিজাবেথের দেওয়া ওয়েলস গোল্ড দিয়ে তৈরি আংটি পরিয়ে দেন কেটের আঙুলে। একে অপরের প্রতি বিশ্বস্ত থাকার অঙ্গীকার করে শপথনামা পাঠ করেন তাঁরা। আচার-আনুষ্ঠানিকতা শেষে যাজক রোয়ান উইলিয়ামস দুজনকে স্বামী-স্ত্রী ঘোষণা করেন। এর মধ্য দিয়ে প্রায় ১০ বছরের প্রেম রূপ পেল পরিণয়ে। উপস্থিত অতিথি ছাড়াও গির্জার বাইরে রাস্তার দুপাশে দাঁড়ানো লাখ লাখ মানুষ এ সময় বর-কনেকে হর্ষধ্বনি দিয়ে অভিনন্দন জানায়।বিশ্বের ৫০টি দেশের রাষ্ট্রপ্রধানসহ ১৯০০ অতিথি এ সময় উপস্থিত ছিলেন। তাঁদের মধ্যে ছিলেন বিদেশি রাজপরিবারের প্রায় ৪০ জন সদস্য।এ ছাড়া সামরিক বাহিনীর শীর্ষ অধিনায়ক, ধর্মীয় নেতা ও দাতা সংস্থার প্রতিনিধিদেরও আমন্ত্রণ জানানো হয়। তবে অতিথিদের একটি বড় অংশ ছিলেন বর-কনের আত্মীয়, বন্ধু ও পরিচিতজনেরা।ধারণা করা হচ্ছে, প্রায় ছয় লাখ মানুষ এ সময় লন্ডনের রাস্তায় নেমেছিল। বর-কনেকে একনজর দেখার আশায় বহু লোক ওয়েস্টমিনস্টার গির্জা ও বাকিংহাম প্রাসাদের সামনে ফুটপাতে তাঁবু খাটিয়ে সারা রাত কাটায়। তাদের জন্য হাইড পার্কসহ বেশ কিছু জায়গায় জায়ান্ট টিভি স্ক্রিনে বিয়ের অনুষ্ঠান দেখার ব্যবস্থা করা হয়। কোনো ঝামেলা ছাড়াই শেষ হয় এক ঘণ্টায় বিয়ের মূল অনুষ্ঠান।এদিন উইলিয়ামকে ‘ডিউক অব ক্যামব্রিজ’ এবং কেটকে ‘ডাচেস অব ক্যামব্রিজ’ হিসেবে ঘোষণা করেন রানি দ্বিতীয় এলিজাবেথ।বিয়ের অনুষ্ঠান শেষে নতুন ‘ডিউক’ ও ‘ডাচেস’ ১০০ বছরেরও পুরোনো একটি রাজকীয় খোলা ঘোড়ার গাড়িতে চড়ে ওয়েস্টমিনস্টার গির্জা থেকে বাকিংহাম রাজপ্রাসাদের দিকে রওনা হন। পেছনে আসেন রানি ও অন্য অতিথিরা। এই বহরের সামনে-পেছনে ছিল অশ্বারোহী রাজকীয় বাহিনী।এ সময় রাস্তার দুপাশে সারিবদ্ধ মানুষ অভিবাদন জানায় তাঁদের। হাত নেড়ে অভিবাদনের জবাব দেন নবদম্পতি। ভুবন মাতানো হাসি হেসে আর হাতে থাকা ফুলের তোড়া দুলিয়ে কেট বারবার সাধারণ মানুষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।বাকিংহামে পৌঁছে ব্যালকনিতে দাঁড়িয়ে কেট ও উইলিয়াম প্রাসাদের বাইরে জড়ো হওয়া হাজার হাজার মানুষকে আবারও অভিবাদন জানান। এ সময় পরস্পরকে দুবার চুম্বন করেন তাঁরা। ভালোবাসা ও গভীর আবেগসিক্ত এই চুম্বনের মধ্য দিয়ে শেষ হয় বিয়ের আনুষ্ঠানিকতা।বাকিংহামে ৬৫০ জন অতিথির জন্য দুপুরের খাবারের আয়োজন করেন রানি। ভোজসভা শেষে নবদম্পতির থাকার জন্য গতকাল রাতেই রানি ও ডিউক অব এডিনবরার এক সপ্তাহের জন্য প্রাসাদ ছেড়ে যাওয়ার কথা।অন্যদিকে, ভোজসভার পর রাজপরিবারের সদস্যদের ৩০০ ঘনিষ্ঠ বন্ধুবান্ধব ও আত্মীয়ের পরবর্তী অনুষ্ঠানগুলোতে যোগ দেওয়ার জন্য প্রাসাদে থেকে যাওয়ার কথা। উইলিয়ামের বাবা প্রিন্স চার্লস গতকাল সন্ধ্যায় ডিসকো পার্টি এবং রাতে আনুষ্ঠানিক ‘ব্ল্যাক টাই ডিনারের’ আয়োজন করেন। এএফপি ও বিবিসি অনলাইন।