ভারতে দ্বিতীয় প্রজন্মের (২-জি) মোবাইল ফোনের লাইসেন্স দেওয়ার ক্ষেত্রে দুর্নীতির অভিযোগে গ্রেপ্তার হওয়া সাবেক টেলিকমমন্ত্রী এ রাজা ও রাজ্যসভার সদস্য ডিএমকের কানিমোঝিসহ ১৭ জনের আনুষ্ঠানিক বিচার শুরু হয়েছে। গতকাল শুক্রবার বিচার শুরুর প্রথম দিনে বাদীপক্ষের একজন সাক্ষীর জবানবন্দি রেকর্ড করা হয়। জবানবন্দি গ্রহণের জন্য আরও দুজন সাক্ষীকে আদালতে হাজির হওয়ার নির্দেশ দিয়েছেন আদালত।নয়াদিল্লির একটি আদালতে এই বিচার শুরু হওয়ার আগে এ রাজার একটি আবেদন নাকচ করে দেন আদালত। এ রাজা ওই আবেদনে দুর্নীতির বিষয়ে কেন্দ্রীয় তদন্ত সংস্থার (সিবিআই) তদন্ত শেষ হওয়ার আগে তাঁকে সাক্ষীদের সামনে জিজ্ঞাসাবাদ না করার আবেদন করেছিলেন। আদালতের বিশেষ বিচারক ও পি সাইনি এ রাজার আবেদন খারিজ করে দিয়ে আনুষ্ঠানিক বিচারের কাজ শুরু করেন। শুরুতে প্রত্যক্ষদর্শী হিসেবে রিলায়েন্স ক্যাপিটাল লিমিটেডের সহকারী ভাইস প্রেসিডেন্ট আনন্দ সুব্রামনিয়ামের জবানবন্দি রেকর্ড করা হয়। এ ছাড়া জবানবন্দি গ্রহণের জন্য রিলায়েন্স গ্রুপের প্রেসিডেন্ট এ এন সেথুরমন ও ইটিসালট ডি বি টেলিকম প্রাইভেট লিমিটেডের প্রধান নিয়ন্ত্রণ কর্মকর্তা বিনোদ কুমার বুধিরাজাকে আদালতে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়।সিবিআই আদালতে জমা দেওয়া প্রথম তালিকায় সাক্ষী হিসেবে ২৮ জনের নাম উল্লেখ করেছে। এই ২৮ জনের মধ্যে ১১ জনই রিলায়েন্স গ্রুপের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা। চলতি মাসেই তাঁদের আদালতে হাজির করা হবে বলে জানা গেছে। এ রাজার আইনজীবী সুশীল কুমার গতকাল আদালতে বলেন, সিবিআই সুপ্রিম কোর্টকে জানিয়েছে, টেলিকম দুর্নীতির ব্যাপারে তাদের তদন্ত এখনো চলছে। তিনি বলেন, অভিযুক্ত ১৭ জনের বিরুদ্ধে সিবিআইয়ের তদন্ত শেষ হয়েছে কি না, বিচার শুরুর আগে তা জানা উচিত ছিল আদালতের। এরপর আদালত আনুষ্ঠানিক বিচার শুরু করতে পারতেন। কারাগার থেকে গতকাল এ রাজাকে আদালতে হাজির করা হয়। তাঁর পক্ষে ১৩ জন আইনজীবী আদালতে উপস্থিত ছিলেন। কানিমোঝিকেও গতকাল আদালতে নেওয়া হয়। এ সময় আইনজীবীরা ছাড়াও তাঁর স্বামী অরবিন্দ আদালতে উপস্থিত ছিলেন। এ রাজা ও কানিমোঝি দুজনই আঞ্চলিক দল ডিএমকের নেতা। কানিমোঝির অন্য পরিচয় হলো, তিনি তামিলনাড়ুর সাবেক মুখ্যমন্ত্রী করুণানিধির মেয়ে। ডিএমকে ভারতের বর্তমান ক্ষমতাসীন দল কংগ্রেসের নেতৃত্বে গঠিত জোট সংযুক্ত প্রগতিশীল মোর্চার (ইউপিএ) অন্যতম শরিক।২০০৮ সালে ২-জি মোবাইল ফোনের লাইসেন্স দেওয়ার সময় দুর্নীতির আশ্রয় নেওয়ার অভিযোগে গত বছরের নভেম্বরে এ রাজাকে মন্ত্রিসভা থেকে পদত্যাগে বাধ্য করা হয়। ফেব্রুয়ারিতে তাঁকে গ্রেপ্তার করা হয়। এই দুর্নীতির ফলে ভারত সরকারের চার হাজার কোটি ডলার ক্ষতি হয়েছে বলে অভিযোগ রয়েছে।এ রাজা ও কানিমোজিসহ ১৭ জনের বিরুদ্ধে এই দুর্নীতিতে জড়িত থাকার অভিযোগ রয়েছে। অন্যদের মধ্যে উল্লেখযোগ্য হলেন—রিলায়েন্স অনিল ধিরুভাই আম্বানি গ্রুপের (এডিএজি) ব্যবস্থাপনা পরিচালক (এমডি) গৌতম দোসি, একই গ্রুপের প্রেসিডেন্ট সুরেন্দ্র পিপারা, জ্যেষ্ঠ ভাইস প্রেসিডেন্ট হারি নায়ার, শহিদ উসমান বালওয়া, ইউনিটেক লিমিটেডের এমডি সঞ্জয় চন্দ্র, বলিউডের চলচ্চিত্র নির্মাতা করিম মোরানি প্রমুখ। শুরু থেকেই তাঁরা এ অভিযোগ অস্বীকার করে আসছেন। বিবিসি, এএফপি, দ্য হিন্দু ও পিটিআই অনলাইন।