এ সপ্তাহেই উদ্ধার করা যাবে চিলির খনিশ্রমিকদের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চিলির খনিতে আটকে পড়া ৩৩ জন শ্রমিককে চলতি সপ্তাহের মধ্যে উদ্ধার করা সম্ভব হবে বলে জানিয়েছেন প্রকৌশলীরা। গতকাল মঙ্গলবার ভূগর্ভে তাঁদের আটকাবস্থার দুই মাস পূর্ণ হয়েছে।শ্রমিকদের উদ্ধারকাজে নিয়োজিত প্রকৌশলী দলের প্রধান পেদ্রো বুত্তাজানি জানান, এ পর্যন্ত ৪৬৪ মিটার খোঁড়া হয়েছে, আর মাত্র ১৬০ মিটার গভীরে যেতে পারলে তাঁরা আটকে পড়া শ্রমিকদের কাছে পৌঁছে যাবেন। তিন-চার দিনের মধ্যেই তা সম্ভব হবে বলে তাঁরা আশা করছেন।বুত্তাজানি জানান, পূর্বপরিকল্পনামাফিক উদ্ধার সুড়ঙ্গের চারপাশে ধাতব খাঁচা বসানো হবে কি না, তা নিয়ে এখন চিন্তাভাবনা করা হচ্ছে। যদি তা করতে হয়, তাহলে বেশ কিছুদিন সময় লাগবে। আর যদি তা করার প্রয়োজন না পড়ে, তাহলে এ সপ্তাহের শেষ নাগাদ শ্রমিকদের উদ্ধার করা সম্ভব হবে।চিলির প্রেসিডেন্ট সেবাস্তিয়ান পিনেরা এর আগে জানিয়েছিলেন, ১৭ অক্টোবর ইউরোপ সফরে যাওয়ার আগেই খনিশ্রমিকদের উদ্ধার করা সম্ভব হবে বলে তিনি আশা করছেন। সেবাস্তিয়ান বলেন, ‘আমি আশা করছি, ইউরোপ যাওয়ার আগে আমরা তাঁদের উদ্ধার করতে পারব। ওই মুহূর্তে আমি শ্রমিকদের পাশে উপস্থিত থাকতে চাই।’তিনটি খোঁড়ার যন্ত্র দিয়ে খুব দ্রুত কাজ করা সম্ভব হওয়ায় পূর্বধারণার চেয়ে বেশ আগেই শ্রমিকদের উদ্ধার করা যাবে বলে আশা করা যাচ্ছে। গত মাসে সরকারিভাবে জানানো হয়েছিল, অক্টোবরের মাঝামাঝি নাগাদ উদ্ধারকাজ শুরু হবে। এর আগে বলা হয়, উদ্ধারকাজ নভেম্বরের আগে শুরু করা যাবে না।উদ্ধারপথ প্রস্তুত হওয়ার পর, বিশেষভাবে তৈরি একটি ধাতব খাঁচা ওই পথ দিয়ে খনিগর্ভে শ্রমিকেরা যেখানে আটকে আছেন, সেখানে পাঠানো হবে। এরপর ওই খাঁচায় করে শ্রমিকদের উদ্ধার করে আনা হবে। এভাবে প্রত্যেক শ্রমিককে পুরোপুরি উদ্ধারে প্রায় এক ঘণ্টা সময় লাগবে। এএফপি, বিবিসি।