
নিজের বাড়ির বাইরে ‘জনতার দরবার’-এর আয়োজন করছেন ভারতের চমক জাগানো নতুন রাজনৈতিক দল আম আদমি পার্টির (এএপি) আহ্বায়ক অরবিন্দ কেজরিওয়াল। গতকাল বৃহস্পতিবার তাঁর উত্তর প্রদেশের গাজিয়াবাদের বাসায় হাজির হয়ে অনেকেই পানি ও বিদ্যুৎ নিয়ে অভিযোগ তোলেন। অনেকে আবার নানা পরামর্শ দেন।
সম্প্রতি দিল্লির বিধানসভা নির্বাচনে জয়ী হওয়া এএপি দলের প্রধান কেজরিওয়াল উপস্থিত লোকজনের উদ্দেশে বলেন, ‘এই জয় আমার নয়; এটা আপনাদের জয়। আপনাদের বেশির ভাগই এখানে এসেছেন আমাকে অভিনন্দন জানাতে, এটা জানি। তবে আমি এটা বলব যে, এটা আপনাদের জয়।’
দরবারে অংশগ্রহণকারীদের মধ্যে ছিলেন আইনজীবী, প্রকৌশলী এবং শিক্ষার্থীরা। অংশগ্রহণকারীদের কেউ কেউ দিল্লি পুলিশ কেজরিওয়ালকে নিরাপত্তা দেওয়ার যে প্রস্তাব দিয়েছে, তাতে রাজি হওয়ার অনুরোধ করেন। এলাহাবাদের বাসিন্দা মুকেশ বলেন, ‘অরবিন্দজি, আপনি আমাদের নেতা হয়েছেন। এখন আপনার দিল্লি পুলিশের নিরাপত্তা দেওয়ার প্রস্তাবে রাজি হওয়া উচিত।’
পানি ও বিদ্যুৎ নিয়ে অভিযোগের পাশাপাশি লোকজন বিনা মূল্যে জনগণের পক্ষে আইনি লড়াই চালাতে আইনজীবীদের নিয়ে দল গঠনের অনুরোধ করেন এএপিকে।
পরে কেজরিওয়াল উপস্থিত লোকজনের উদ্দেশে বলেন, ‘আমি আপনাদের অভিযোগ ও পরামর্শ শুনলাম। অবশ্যই এগুলো নিয়ে কাজ করব। আমি আপনাদের শনিবার রামলীলা ময়দানে শপথ অনুষ্ঠানে অংশ নিতে অনুরোধ করছি।’
অরবিন্দ কেজরিওয়াল সাধারণ মানুষের ক্ষোভ ও অভিযোগ শুনতে গত বুধবারও তাঁর নিজের ফ্ল্যাটের বাইরে ‘জনতার দরবার’ করেছিলেন। গাজিয়াবাদের কৌসাম্ভি এলাকায় অবস্থিত ফ্ল্যাটটি ২ শয়নকক্ষের।
এএপি সম্প্রতি অনুষ্ঠিত বিধানসভা নির্বাচনে জয়ী হওয়ার মাধ্যমে দিল্লিতে ক্ষমতাসীন কংগ্রেসের ১৫ বছরের শাসনের অবসান ঘটায়। কেজরিওয়াল কাল শনিবার ঐতিহাসিক রামলীলা ময়দানে দিল্লির সপ্তম মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেবেন।
৪৫ বছর বয়সী কেজরিওয়াল এবং এএপির ছয়জন বিধায়ক অনুষ্ঠানে শপথ নেবেন। বেলা ১২টায় শুরু হওয়া অনুষ্ঠানে আন্না হাজারে, কিরণ বেদি, সন্তোষ হেগড়েসহ দুর্নীতিবিরোধী আন্দোলনের সঙ্গে যুক্ত সবাইকে আমন্ত্রণ জানানো হবে। কেজরিওয়ালের সঙ্গে যাঁরা মন্ত্রী হিসেবে শপথ নেবেন তাঁদের মধ্যে রয়েছেন মনিশ সিসোদিয়া, রাখি বিড়লা, সোমনাথ ভারতী, সৌরভ ভরদ্বাজ, গিরিশ সোনি এবং সতেন্দ্র জেইন।
নিরাপত্তায় আবার‘না’: উত্তর প্রদেশ পুলিশের পাঁচজন কর্মকর্তা প্রায় ২৪ ঘণ্টা কেজরিওয়ালের বাড়ির বাইরে কাটিয়েছেন। বুধবার রাতে তাঁরা দিল্লি পুলিশের নির্দেশনায় সেখানে গিয়েছিলেন এএপি নেতার নিরাপত্তার জন্য। তবে সে সুযোগ পাননি।
কেজরিওয়ালের ফ্ল্যাট বাড়িটির লিফটের কাছের একটি ছোট কক্ষে সারা রাত কাটান ওই পুলিশ কর্মকর্তারা। পরে গতকাল দুপুরের দিকে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশে তাঁরা ফিরে যান।
কাল শনিবার দিল্লির সর্বকনিষ্ঠ মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিতে যাওয়া কেজরিওয়াল আগেই দিল্লি পুলিশকে জানিয়ে দিয়েছেন, তিনি ঈশ্বরের ওপরে আস্থা রাখেন। তাঁর কোনো নিরাপত্তার দরকার নেই। পিটিআই ও এনডিটিভি।