এই বাগ্যুদ্ধের শেষ কোথায়?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাষ্ট্র ও উত্তর কোরিয়ার মধ্যে বাগ্‌যুদ্ধের ব্যাপ্তি দেখে যে কেউ মনে করতে পারেন, কিম জং-উনের প্রচারযন্ত্র এখন নির্ধারিত সময়ের অতিরিক্ত কাজ করছে। পিয়ংইয়ংয়ের পারমাণবিক অস্ত্র কর্মসূচির বিরুদ্ধে জাতিসংঘের সর্বশেষ নিষেধাজ্ঞার জবাবে উত্তর কোরিয়া ‘সহস্রÊগুণ’ জোরালো প্রতিশোধ নেবে।

যুক্তরাষ্ট্রের ওপর পিয়ংইয়ংয়ের হুমকি অব্যাহত থাকলে বিশ্ববাসী এক অভূতপূর্ব ‘আগুন ও উন্মত্ততা’ প্রত্যক্ষ করবে বলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে বক্তব্য দিয়েছেন, উত্তর কোরিয়ার প্রতিশোধের হুমকি মূলত তারই জবাব। এ রকম পাল্টাপাল্টি হুমকি আগে কখনো হয়েছে কি?

১৯৫৩ সালে কোরীয় যুদ্ধের সমাপ্তি কৌশলগতভাবে দুই পক্ষের শত্রুতার অবসানের প্রতীক হলেও বাস্তবে সেই বৈরিতা তখন থেকে আরও প্রকাশ্য হয়েছে। পিয়ংইয়ং তাদের পারমাণবিক কারখানায় আন্তর্জাতিক পরিদর্শকদের প্রবেশের অনুমতি প্রত্যাখ্যান করার পর ১৯৯৪ সালে যুক্তরাষ্ট্র ও উত্তর কোরিয়ার মধ্যে যুদ্ধ বেধে যাওয়ার উপক্রম হয়েছিল। পারমাণবিক নিরস্ত্রীকরণ চুক্তির জন্য ওই পরিদর্শকদের উত্তর কোরিয়ায় প্রবেশের সুযোগ দেওয়ার প্রয়োজন ছিল। সেই সংকটের নাটকীয় সমাধান হলেও তা দুই দশকের দ্বৈরথের পটভূমি গড়ে দেয়। এতে উত্তর কোরিয়া নিজেদের পারমাণবিক অস্ত্র নেই বলে প্রচার চালায়, কিন্তু অন্তরালে সেই অস্ত্র তৈরির সুযোগ উন্মুক্ত রাখে। এমন পরিস্থিতিতে আন্তর্জাতিক সম্প্রদায় উত্তর কোরিয়ার সঙ্গে পারমাণবিক নিরস্ত্রীকরণের বিনিময়ে স্বাভাবিক সম্পর্ক স্থাপনের প্রস্তাব দেয়। কিন্তু পিয়ংইয়ং ওই স্বাভাবিক সম্পর্কের পাশাপাশি পারমাণবিক অস্ত্র বানানোর কাজও অব্যাহত রাখতে চেয়েছিল। তবে সেটা স্বীকার না করায় মার্কিন প্রশাসন এ বিষয়ে সংযত নীতি অবলম্বন করে উত্তর কোরিয়াকে পারমাণবিক সরঞ্জাম রপ্তানি থেকে বিরত রাখার ব্যবস্থা করে।

সাম্প্রতিক বছরগুলোয় দুটি গুরুত্বপূর্ণ পরিবর্তন উত্তর কোরিয়া সংকটের বাইরের অবয়ব পাল্টে দিয়েছে। প্রথমত, বুশ প্রশাসনের উদ্যোগে ইরাকের সাদ্দাম হোসেন এবং ওবামা প্রশাসনের চেষ্টায় লিবিয়ার মুয়াম্মার গাদ্দাফিকে সরানো হলো। তাঁরা পারমাণবিক অস্ত্র বানিয়েছেন বলে অভিযোগ থাকলেও আদপে তার চিহ্নমাত্র মেলেনি। সে ক্ষেত্রে উত্তর কোরিয়ার কাছে পারমাণবিক অস্ত্র থাকার বিষয়টি স্পষ্ট হওয়ায় সেখানেও সরকার উৎখাতের সহজ উপসংহার টানার চেষ্টা নেওয়া হতে পারে।

দ্বিতীয়ত, পিয়ংইয়ংয়ের নেতা কিম জং-ইল ২০১১ সালে প্রয়াত হলে তাঁর তরুণ উত্তরসূরি বর্তমান নেতা কিম জং-উন দায়িত্ব নেন। প্রয়াত কিম কিছুটা সংযত থাকলেও তাঁর ছেলে জং-উন নেতা হওয়ার পর সব রকমের ভণিতা ছেড়ে প্রকাশ্যেই পারমাণবিক উচ্চাভিলাষ বাস্তবায়নের প্রতিযোগিতায় মত্ত হয়েছেন।

উত্তর কোরিয়ার হম্বিতম্বি কতটা বরদাশত করা যায়, সেটা ট্রাম্প প্রশাসনকে এখন অবশ্যই নির্ধারণ করে নিতে হবে। প্রেসিডেন্ট ট্রাম্প নির্বাচনী প্রচারের সময় থেকেই উত্তর কোরিয়া প্রসঙ্গ এবং জাতীয় নিরাপত্তা নিয়ে উদ্বেগের বিষয়গুলোকে গুরুত্ব দিচ্ছেন। তবে এখন যেকোনো ধরনের বলপ্রয়োগের পরিণামে হাজারো দক্ষিণ কোরীয় এবং জাপানি নাগরিক হুমকির মুখে পড়তে পারেন। কারণ, উত্তর কোরিয়া তাৎক্ষণিক পাল্টা জবাব দেবে বলে ধরে নেওয়া যায়।