এই মৃত্যু ভারতের নারীদের নিরাপদ করবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘আমাদের সন্তানের মৃত্যু ভারতকে নারীদের জন্য নিরাপদ করতে অবদান রাখবে, এটাই আমাদের আশা।’ দিল্লিতে চলন্ত বাসে ধর্ষণের শিকার হয়ে সিঙ্গাপুরে মারা যাওয়া মেডিকেল কলেজের ছাত্রীর শোকে বিহ্বল পরিবার এক প্রতিক্রিয়ায় এ কথা বলেছে। সিঙ্গাপুরে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার টি সি এ রাঘবন গতকাল শনিবার এ কথা জানান।রাঘবন গণমাধ্যমে বলেন, ওই ছাত্রীর পরিবার একেবারেই ভেঙে পড়েছে। তারা বিভিন্ন দিক থেকে সমর্থন পাচ্ছে। রাঘবন ছাত্রীর পরিবারের উদ্ধৃতি দিয়ে বলেন, ‘আমাদের সন্তানের মৃত্যু ভবিষ্যতে দিল্লি ও ভারতকে নারীদের জন্য নিরাপদ করতে অবদান রাখবে, এটাই আমাদের আশা।’ তিনি জানান, ছাত্রীর পরিবারের ইচ্ছামতো মরদেহ ভারতে নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হচ্ছে। রাতেই হাসপাতাল থেকে মরদেহ বের করা হয়।সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালের কর্মকর্তা কেলভিন লোহ জানান, ওই ছাত্রী বেঁচে থাকার জন্য লড়াই করেছেন। কিন্তু শেষ পর্যন্ত সেই লড়াইয়ে পেরে উঠতে পারেননি। সিঙ্গাপুরের স্থানীয় সময় দিবাগত রাত চারটা ৪৫ মিনিটে তিনি মারা যান। এ সময় সিঙ্গাপুরে নিযুক্ত ভারতের হাইকমিশনার রাঘবন ও পরিবারের সদস্যরা ওই ছাত্রীর পাশে ছিলেন।১৬ ডিসেম্বর দিল্লিতে চলন্ত বাসে ধর্ষণের পর বাস থেকে ওই ছাত্রীকে ফেলে দেওয়া হয়। ভারতে কয়েক দিন চিকিৎসার পর অবস্থার অবনতি হলে গত বৃহস্পতিবার তাঁকে সিঙ্গাপুরে নিয়ে যাওয়া হয়। এ ঘটনার পর থেকে ভারতজুড়ে ব্যাপক বিক্ষোভ চলছে। আইএএনএস অনলাইন।