এই লড়াই সিরিয়ার ভাগ্য নির্ধারণ করবে: আসাদ
সিরিয়ায় সরকারি বাহিনী ও বিদ্রোহীদের মধ্যে চলতি সংঘাতই দেশটির ভাগ্য নির্ধারণ করে দেবে। প্রেসিডেন্ট বাশার আল-আসাদ এই হুঁশিয়ারি উচ্চারণ করেছেন। সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে এক লিখিত বিবৃতিতে তিনি ‘সশস্ত্র সন্ত্রাসী গোষ্ঠী’র বিরুদ্ধে সেনাদের ভূমিকার প্রশংসা করেছেন।অন্যদিকে রাজধানী দামেস্কের খ্রিষ্টান-অধ্যুষিত এলাকাগুলোতে প্রথমবারের মতো সংঘর্ষ শুরু হয়েছে। দেশটির দ্বিতীয় শহরে বিদ্রোহীদের বিরুদ্ধে লড়াইরত সেনাদের সহায়তায় বিপুলসংখ্যক সরকারি সেনা রওনা হয়েছে বলে প্রাপ্ত খবরে বলা হয়েছে। সিরিয়ায় গত বছরের মার্চ মাসে প্রেসিডেন্ট আসাদ সরকারবিরোধী আন্দোলন শুরু হয়, যা পরে সশস্ত্র বিদ্রোহে রূপ নেয়। সাম্প্রতিক সময়ে দেশটির রাজধানী দামেস্কের রাস্তায় রাস্তায় এবং দ্বিতীয় বৃহত্তম শহর আলেপ্পোতেও সরকারি বাহিনী ও বিদ্রোহীদের মধ্যে বড় ধরনের সংঘর্ষ হয়েছে। মানবাধিকারকর্মীদের হিসেবে, গত বছরের মার্চ থেকে এ পর্যন্ত সিরীয় সহিংসতায় প্রাণ হারিয়েছে ২০ হাজারের মতো মানুষ। সর্বশেষ খবর অনুযায়ী, দামেস্কের দুটি খ্রিষ্টান অধ্যুষিত এলাকাতেও প্রথমবারের মতো সংঘর্ষ ছড়িয়ে পড়েছে। যুক্তরাজ্যভিত্তিক মানবাধিকার সংগঠন সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে, বাব তৌমা ও বাব শারকি এলাকার বাইরে কয়েকজন সেনাকে হত্যা করা হয়েছে। শহরের কেন্দ্রস্থল বাগদাদ স্ট্রিটেও গুলি ও বিস্ফোরণের শব্দ শোনা গেছে। প্রেসিডেন্ট আসাদ গত দুই সপ্তাহে জনসমক্ষে কোনো বক্তব্য দেননি। তবে তিনি সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে একটি লিখিত বিবৃতি দিয়েছেন। ওই বিবৃতিতে তিনি বলেন, ‘আমাদের দেশ ও জনগণের ভাগ্য, অতীত, বর্তমান ও ভবিষ্যৎ এখন নির্ভর করছে চলতি যুদ্ধের ওপর।’ তিনি সশস্ত্র বাহিনীকে ‘নায়কোচিত’ হিসেবে প্রশংসা করেন। এদিকে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এক প্রতিবেদনে বলেছে, আলেপ্পো শহরে সম্প্রতি মানবতাবিরোধী অপরাধ সংঘটন করেছে সরকারি বাহিনী। প্রতিবেদনে এই মানবাধিকার গ্রুপটি সিরিয়ার বিষয়টি আন্তর্জাতিক অপরাধ আদালতে তুলে ধরতে এবং দেশটির ওপর অস্ত্র নিষেধাজ্ঞা আরোপ করতে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের কাছে আবেদন জানিয়েছে। অ্যামনেস্টি অভিযোগ করে বলেছে, সিরিয়ার নিরাপত্তা বাহিনী এবং সরকারপন্থী সাবিহা মিলিশিয়া বিক্ষোভকারী, পথচারী ও নিরপরাধ শিশুদের ওপর গুলি বর্ষণ করেছে। এমনকি চিকিৎসাসেবা দেওয়া দলগুলোও তাদের লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে এবং যাদের গ্রেপ্তার হয়েছে, তাদের ওপর চলছে নির্মম নির্যাতন। বিদ্রোহী সূত্রগুলো জানিয়েছে, আলেপ্পোতে আবারও জঙ্গি বিমান এবং হেলিকপ্টার থেকে বিদ্রোহীদের ওপর বোমা বর্ষণ করা হয়েছে। এ ছাড়া মানবাধিকারকর্মীরা জানিয়েছেন, আলেপ্পোতে বিদ্রোহীদের বিরুদ্ধে লড়াইরত সেনাদের সহযোগিতা করতে আরও বিপুলসংখ্যক সেনাসদস্য রওনা হয়ে গেছে। তবে সরকার বা নিরপেক্ষ কোনো মাধ্যম থেকে এই খবরের সত্যতা নিশ্চিত করা যায়নি। বিবিসি ও এএফপি।