এই শান্তি পরিকল্পনা সিরিয়ায় গৃহযুদ্ধ এড়ানোর শেষ সুযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতিসংঘ-আরব লীগের বিশেষ দূত কফি আনান বলেছেন, তাঁর দেওয়া শান্তি পরিকল্পনা গৃহযুদ্ধ এড়াতে সিরিয়ার জন্য শেষ সুযোগ হতে পারে।সিরিয়ায় অস্ত্রবিরতি চুক্তি ১৪ মাসের রক্তক্ষয়ী সহিংসতার অবসানে কোনো কাজে আসেনি। পর্যবেক্ষকেরা বলছেন, সহিংসতায় এ পর্যন্ত প্রায় ১২ হাজার মানুষ নিহত হয়েছে।জাতিসংঘের সাবেক মহাসচিব কফি আনান গত মঙ্গলবার নিরাপত্তা পরিষদে বলেন, সিরিয়ায় প্রথম কাজ হচ্ছে হত্যা বন্ধ করা। তিনি নির্যাতন, গণগ্রেপ্তার ও মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেন।কূটনীতিকেরা কফি আনানকে উদ্ধৃত করে বলেন, গত ১২ এপ্রিল অস্ত্রবিরতি চুক্তি বলবৎ করা হলেও শাসকগোষ্ঠী ‘সাধারণ জনগণের ওপর দমন-নিপীড়ন অব্যাহত রেখেছে’। তবে জাতিসংঘের সামরিক পর্যবেক্ষকদের উপস্থিতির কারণে খুব সতর্কভাবে হামলা চালানো হচ্ছে।তাঁর ছয় দফার শান্তি পরিকল্পনা সিরিয়ায় স্থিতিশীলতা ফিরিয়ে আনার শেষ সুযোগ উল্লেখ করে আনান জেনেভায় সাংবাদিকদের বলেন, ‘আমাদের এখন হত্যা বন্ধের বিষয়টি অগ্রাধিকার দিতে হবে।’আনান নিরাপত্তা পরিষদের কাছে শান্তি পরিকল্পনা কার্যকরে প্রেসিডেন্ট বাশার আল আসাদকে রাজি করাতে তাঁর উদ্যোগের কথাও তুলে ধরেন। এ সময় তিনি উল্লেখ করেন, ‘গৃহযুদ্ধ এড়ানোর জন্য সম্ভবত এটিই শেষ সুযোগ।’আনানের মুখপাত্র জানান, আনান শিগগিরই দামেস্কে ফেরার পরিকল্পনা করছেন। সিরিয়ায় শান্তি ফিরিয়ে আনতে চলতি বছর কাজ শুরুর পর থেকে দেশটিতে আনানের এটি দ্বিতীয় সফর।জাতিসংঘ পর্যবেক্ষক দলকে বহনকারী গাড়ির কাছে বোমা: দেরা শহরের কাছে গতকাল বুধবার জাতিসংঘ পরিদর্শক দলকে বহনকারী একটি গাড়িবহরে বোমা হামলা চালানো হয়েছে। বোমাটি সিরিয়ার সেনাবাহনীর গাড়িতে আঘাত করে। এতে তিনজন সেনাসদস্য আহত হন। ওই গাড়িবহরে জাতিসংঘ পর্যবেক্ষক দলের নেতা মেজর জেনারেল রবার্ট মুড ছিলেন। সিরিয়ায় বর্তমানে ৩০ জন পর্যবেক্ষক অবস্থান করছেন।এদিকে গতকাল সকালে দামেস্কের দৌমা শহরের কাছে নিরাপত্তা বাহিনীর গুলিতে একজন বেসামরিক ব্যক্তি নিহত হয়েছেন। বাশার বাহিনী এভাবে নিপীড়ন চালিয়ে গেলে পাল্টা হামলার হুমকি দিয়েছেন সিরিয়ার প্রধান সশস্ত্র বিদ্রোহী গ্রুপ ফ্রি সিরিয়ান আর্মির (এফএসএ) নেতা কর্নেল রিয়াদ আল আসাদ। তিনি বলেন, সরকারি বাহিনী যখন প্রতিবাদকারীদের ওপর দমন-নিপীড়ন চালাচ্ছে, তখন তিনি অলস বসে থাকতে পারেন না।কর্নেল রিয়াদের এই বিবৃতির ওপর দুই পক্ষের অস্ত্রবিরতি আরও বেশি হুমকির মুখে পড়েছে। দুই পক্ষের বিরুদ্ধেই এখন অস্ত্রবিরতি লঙ্ঘনের অভিযোগ উঠছে।