এইচআইভি ও গনোরিয়া বিষয়ে সিডিসির নতুন পরামর্শ
এইচআইভি সংক্রমণের উচ্চ ঝুঁকিতে আছে এমন নারী ও বিষমকামী পুরুষদের ট্রুভাডা বড়ি সেবনের পরামর্শ দিয়েছেন মার্কিন স্বাস্থ্য কর্মকর্তারা। এর আগে যুক্তরাষ্ট্র সরকার শুধু ঝুঁকিতে থাকা সমকামী ও উভকামী পুরুষদের ট্রুভাডা বড়ি সেবনের অনুমোদন দেয়।মার্কিন রোগনিয়ন্ত্রণ ও প্রতিরোধকেন্দ্রের (সিডিসি) তথ্যমতে, নতুন করে এইচআইভি সংক্রমণের শিকার যারা হচ্ছে তাদের এক-চতুর্থাংশের বেশি বিষমকামী। এ জন্য তাদের ট্রুভাডা প্রদানের পরামর্শ দেওয়া হয়েছে চিকিৎসকদের। ইতিমধ্যেই এইডস ভাইরাসে (এইচআইভি) আক্রান্ত এমন ব্যক্তিদের এত দিন ট্রুভাডা সেবন করতে দেওয়া হতো। ২০০৪ সাল থেকে এটি বাজারে পাওয়া যায়। পরে গবেষণায় দেখা যায়, ট্রুভাডা সমকামী ও উভকামী পুরুষদের শরীরে এইচআইভি সংক্রমণ প্রতিরোধেও সহায়তা করতে পারে। এর ভিত্তিতে গত বছর স্বাস্থ্য কর্মকর্তারা বলেন, এইচআইভি সংক্রমণ থেকে বাঁচতে ঝুঁকিতে থাকা পুরুষদের (যেমন সমকামী) এ ওষুধ দেওয়া যেতে পারে। পরে দেখা যায়, ওষুধটি নারী ও বিষমকামী পুরুষদের শরীরেও ভাইরাসটির সংক্রমণ ঠেকাতে পারে।এফডিএ গত মাসে সুস্থ মানুষের জন্য এইচআইভি প্রতিরোধী ওষুধ হিসেবে ট্রুভাডার ব্যবহার অনুমোদন করে।এদিকে আরেকটি যৌনবাহিত রোগ গনোরিয়ার চিকিৎসায় নতুন পরামর্শ দিয়েছে সিডিসি। রোগীদের ওষুধ দেওয়ার ক্ষেত্রে সম্ভব হলে অ্যান্টিবায়োটিক বড়ি সেফিক্সাইম এড়ানোর সুপারিশ করেছে সিডিসি। সেফিক্সাইম গনোরিয়া প্রতিরোধের ক্ষমতা হারিয়ে ফেলছে বলে উদ্বেগ প্রকাশ করা হয়। টাইম।