এইচআইভি রোধে ওষুধের কার্যকারিতা নিয়ে নতুন সম্ভাবনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ওষুধ প্রয়োগের মাধ্যমে এইচআইভির সংক্রমণ প্রতিরোধে নতুন সম্ভাবনার কথা জানিয়েছেন বিজ্ঞানীরা। গতকাল শনিবার বিশ্ব এইডস দিবসে প্রকাশিত চীনা গবেষক দলের এক প্রতিবেদনে এই সম্ভাবনার কথা জানানো হয়।ওই প্রতিবেদনে বলা হয়েছে, এইচআইভি আক্রান্ত ব্যক্তির দেহে এইডস-প্রতিরোধী ওষুধের ব্যবহার এই রোগীর সুস্থ সঙ্গীকেও এর সংক্রমণ থেকে রক্ষা পেতে সহায়তা করে।নতুন এই গবেষণা প্রতিবেদন চিকিৎসা সাময়িকী ল্যানসেট-এ প্রকাশিত হয়েছে। চীনের ‘সেরোডিসকরড্যান্ট’ দম্পতির মধ্যে এইচআইভি সংক্রমণ বিস্তাররোধের উপায় খুঁজতেই এ গবেষণা চালানো হয়। সেরোডিসকরড্যান্ট দম্পতি বলা হয় তাঁদের, যাঁদের একজন এই রোগে আক্রান্ত কিন্তু অপরজন আক্রান্ত নন।গবেষণায় নেতৃত্ব দেন বেইজিংয়ের ‘চাইনিজ সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন’-এর অধ্যাপক ওয়াইমিং শাও। গবেষকেরা তাঁদের গবেষণাকাজে অন্যান্য পদ্ধতির পাশাপাশি এইচআইভিসংক্রান্ত দেশটির জাতীয় তথ্য-উপাত্তও ব্যবহার করেন।৩৮ হাজারেরও বেশি ওই ধরনের দম্পতিকে ২০০৩ থেকে ২০১১ সাল পর্যন্ত পর্যবেক্ষণ করে গবেষকেরা ওই সিদ্ধান্তে আসেন। পর্যবেক্ষণকালে ২৪ হাজার দম্পতিকে ওষুধ চিকিৎসায় রাখা হলেও এ থেকে বাকি ১৪ হাজার দম্পতিকে মুক্ত রাখা হয়।এইচআইভি সংক্রমণরোধ ও এর চিকিৎসায় এন্টিরেটরোভাইরালস পদ্ধতি প্রয়োগের ওই ধারণা গত বছরই প্রথম জনসমক্ষে এসেছিল। সে সময় গবেষকেরা আফ্রিকা, এশিয়া ও যুক্তরাষ্ট্রে এর সুফল দেখতে পান। এএফপি।