এইচএসবিসি ব্যাংককে ২০০২ সালেই সতর্ক করেছিল মেক্সিকো
এইচএসবিসি ব্যাংকের অর্থ লেনদেন ব্যবস্থার দুর্বলতার সুযোগ কাজে লাগিয়ে মাদক পাচারকারীরা অর্থ পাচার করে বলে ব্যাংকটিকে ২০০২ সালেই সতর্ক করেছিল মেক্সিকো। সে দেশের জাতীয় ব্যাংকিং ও নিরাপত্তা কমিশনের প্রধান গুইলারমো বাবাজ গত মঙ্গলবার স্থানীয় রেডিওকে দেওয়া এক সাক্ষাৎকারে এ কথা বলেন।এদিকে মুদ্রা পাচার রোধে আইন প্রয়োগের ব্যর্থতার দায় স্বীকার করে গত মঙ্গলবার এইচএসবিসি ক্ষমা চায়। যুক্তরাজ্য এইচএসবিসির প্রধান কমপ্লায়েন্স অফিসার ডেভিড ব্যাগলি মঙ্গলবার বর্তমান পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন। গুইলারমো বলেন, নিয়ন্ত্রকদের কাছে এইচএসবিসির আর্থিক লেনদেনে প্রশাসনিক দুর্বলতার বিষয়টি ধরা পড়ে। মেক্সিকোর মাদক পাচারকারীরা পর্যাপ্ত তথ্য সরবরাহ না করে এই ব্যাংকের মাধ্যমে বিদেশে অর্থ পাচার করে বলে ব্যাংকটির মেক্সিকো ও যুক্তরাজ্যের কর্মকর্তাদের সতর্ক করা হয়েছিল। কিন্তু ব্যাংক কর্তৃপক্ষ বিষয়টি আমলে নেয়নি।তবে নিয়ন্ত্রকেরা বিষয়টি এইচএসবিসিকে বোঝাতে সক্ষম হলে ২০০৯ সালে ব্যাংকটি ডলার গ্রহণ বন্ধ করে। পরের বছর সারা মেক্সিকোতে কড়াকড়ি আরোপ করায় ডলার পাঠানো প্রায় ৭৫ শতাংশ কমে যায়। এএফপি।