এইডস প্রতিরোধী বড়ি অনুমোদনের সুপারিশ
মার্কিন স্বাস্থ্য বিশেষজ্ঞরা এই প্রথমবারের মতো ঘাতকব্যাধি এইডস প্রতিরোধে একটি ওষুধের অনুমোদন দিতে নিয়ন্ত্রণকারী সংস্থার প্রতি সুপারিশ করেছেন। ক্যালিফোর্নিয়াভিত্তিক গিলিয়েড সায়েন্সেস নামের একটি প্রতিষ্ঠান ওই ওষুধ তৈরি করেছে। বিশেষজ্ঞরা বলছেন, নতুন এ ওষুধ এইডস রোগীর চিকিৎসায় নয়, প্রতিরোধক হিসেবে কাজ করবে। এটা ‘ট্রুভাডা’ নামের বড়ি আকারে পাওয়া যাবে।এইডস প্রতিরোধে এ ওষুধের অনুমোদন দেওয়া হবে কি-না, সেই সিদ্ধান্ত আগামী ১৫ জুনের মধ্যে জানা যাবে। মার্কিন ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন (এফডিএ) এ ব্যাপারে সিদ্ধান্ত নেবে। এফডিএ সচরাচর স্বাস্থ্য বিশেষজ্ঞদের কোনো সুপারিশ এড়ায় না।পরীক্ষামূলক ব্যবহারে দেখা গেছে, ট্রুভাডা সেবনে সমকামী পুরুষদের এইচআইভি সংক্রমণের ঝুঁকি ৭৩ থেকে কমে ৪৪ শতাংশে নেমে আসে। এইডসের বিরুদ্ধে কাজ করছেন—এমন ব্যক্তিরা ট্রুভাডাকে মরণঘাতী এ রোগের বিরুদ্ধে লড়াইয়ে সম্ভাব্য নতুন হাতিয়ার অভিহিত করে প্রশংসা করেছেন। সাংবাদিকেরা বলেছেন, বিশেষজ্ঞদের এ পদক্ষেপ এইডস/এইচআইভির বিরুদ্ধে লড়াইয়ে একটি মাইলফলক বলে প্রমাণিত হতে পারে।তবে কেউ কেউ ট্রুভাডার অনুমোদন না দেওয়ার পক্ষে অবস্থান নিয়েছেন। তাঁদের যুক্তি, এই অনুমোদন ঝুঁকিপূর্ণ আচরণ বাড়িয়ে দিতে পারে। বিরোধিতাকারীদের মতে, অনেকে টু্রভাডা সেবন করে নিরাপদে আছেন বলে ভুল ধারণা পোষণ করবেন। এইডস হেলথকেয়ার ফাউন্ডেশনের জোয়ে টেরিলও ট্রুভাডার অনুমোদন দেওয়ার বিপক্ষে তাঁর অবস্থানের কথা তুলে ধরেন। অ্যান্টি-ভাইরাল ড্রাগস অ্যাডভাইজরি কমিটি ওষুধ অনুমোদনে এফডিএকে পরামর্শ দিয়ে থাকে। এ কমিটি ১৯-৩ ভোটে সর্বোচ্চ ঝুঁকিপূর্ণদের (সমকামী পুরুষ) জন্য ট্রুভাডা সেবনের মত দিয়েছে। এইচআইভি আক্রান্ত ব্যক্তিদের সঙ্গীদেরও এ বড়ি সেবনের পক্ষে ওই কমিটি। ২০১০ সালে পরিচালিত এক সমীক্ষায় দেখা গেছে, ট্রুভাডা স্বাস্থ্যবান সমকামী পুরুষের এইচআইভি ঝুঁকি কমায়। একই সঙ্গে এইচআইভিতে আক্রান্ত নন এমন ব্যক্তিদের আক্রান্ত হওয়ার ঝুঁকিও কমাতে সাহায্য করে। এইডস ভ্যাকসিন অ্যাডভোকেসি কোয়ালিশন নামের একটি প্রতিষ্ঠানের কর্মকর্তা মিশেল ওয়ারেন বলেন, বিশ্বব্যাপী এইচআইভি প্রতিরোধ কার্যক্রমে স্বস্তি এনে দিয়েছে ট্রুভাডা।কারেন হফি নামের একজন সেবিকা বলেন, ‘ট্রুভাডা অবশ্যই প্রতিদিন খেতে হবে। এক দিনও যেন বাদ না যায়। তবে একজন নিবন্ধিত সেবিকা হিসেবে আমার আট বছরের অভিজ্ঞতা বলছে, এভাবে প্রতিদিন সঠিকভাবে ওষুধ খাওয়া সম্ভব নয়।’ বিবিসি, এএফপি।