এইডস প্রতিরোধের লড়াইয়ে অগ্রগতি হয়েছে: জাতিসংঘ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এইচআইভি বা এইডস সংক্রমণ প্রতিরোধের লড়াইয়ে অগ্রগতি হয়েছে। জাতিসংঘের নতুন এক প্রতিবেদনে এ কথা জানিয়ে বলা হয়, ২০০১ সাল থেকে এ পর্যন্ত শিশু ও পূর্ণবয়স্কদের মধ্যে এইডসের সংক্রমণ ৩৩ শতাংশ কমেছে।

বিশ্বজুড়ে এইডসের বিস্তার অব্যাহত থাকলেও মারাত্মক রোগটি প্রতিরোধের চেষ্টায় ‘দ্রুত অগ্রগতি’ হয়েছে বলে গত বুধবার প্রকাশিত প্রতিবেদনে দাবি করা হয়। এতে আরও বলা হয়, চিকিৎসা পাওয়া সহজতর হওয়ার কারণে আগের চেয়ে বেশি মানুষের জীবন বাঁচানো সম্ভব হচ্ছে। তা ছাড়া, নতুন করে সংক্রমণের হার কমেছে। তবে সব জায়গা থেকে রোগটি নির্মূলের জন্য বিশ্বের কয়েকটি স্থানে জরুরি উদ্যোগ নিতে হবে। 

জাতিসংঘের এইডসবিষয়ক কর্মসূচি ইউএনএআইডিএসের ‘লোকেশন, লোকেশন’ শীর্ষক প্রতিবেদনটিতে বলা হয়, এইডসবিরোধী লড়াইয়ের পরবর্তী ধাপে কয়েকটি নির্দিষ্ট অঞ্চল ও নির্দিষ্ট জনগোষ্ঠীর ওপর বিশেষ গুরুত্ব দিতে হবে।

ইউএনএআইডিএসের নির্বাহী পরিচালক মিশেল সিদিবে বলেন, প্রতিটি মানুষকে গুরুত্ব দিতে হবে। কাউকে বাদ না দিয়ে এইচআইভি প্রতিরোধমূলক সেবা কার্যক্রম নিশ্চিত করতে হবে। মা থেকে শিশুর শরীরে সংক্রমণের হার কমানোর চেষ্টায় অসাধারণ রাজনৈতিক অঙ্গীকার দেখা গেছে। কিন্তু আক্রান্ত হওয়া শিশুদের রক্ষা করা সম্ভব হচ্ছে না।

পূর্ব ইউরোপ ও মধ্য এশিয়ায় ২০০৬ সাল থেকে এ পর্যন্ত নতুন করে এইডস সংক্রমণের হার ১৩ শতাংশ বেড়েছে। আর মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকায় ২০০১ সাল থেকে নতুন করে এইচআইভি সংক্রমণের হার দ্বিগুণ হয়েছে। 

তবে জাতিসংঘ এ-ও বলেছে, গত দশকে অর্জিত সাফল্য সারা বিশ্ব থেকে এইডস নির্মূলের লড়াইয়ে তারা জয়ের সম্ভাবনা তৈরি করেছে।  ২০১২ সালের হিসাব অনুযায়ী বিশ্বজুড়ে প্রায় তিন কোটি ৫৩ লাখ মানুষ এইচআইভি বহন করছে। আল-জাজিরা।