এইডস সম্মেলনের ১০০ নয়, ছয়জন প্রতিনিধি ছিলেন
মালয়েশিয়ার বিধ্বস্ত উড়োজাহাজটিতে ইন্টারন্যাশনাল এইডস সোসাইটির শতাধিক সদস্য ছিলেন বলে যে খবর প্রচারিত হয়েছে, তা সঠিক নয়।প্রকৃতপক্ষে ছয়জনের মতো সদস্য ওই উড়োজাহাজে ছিলেন।সোসাইটির প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ব্যারে-সিনৌসি গতকাল শনিবার এ কথা জানিয়েছেন।খবর এএফপির।
মালয়েশিয়া এয়ারলাইনসের ফ্লাইট এমএইচ১৭ গত বৃহস্পতিবার ২৯৮ আরোহী নিয়ে ইউক্রেনের পূর্বাঞ্চলে বিধ্বস্ত হয়। অস্ট্রেলিয়ার কয়েকটি সংবাদপত্র জানায়, উড়োজাহাজের যাত্রীদের মধ্যে ১০০ জনের মতো ছিলেন এইডসবিষয়ক একটি সম্মেলনের প্রতিনিধি।
এইডস সোসাইটির ফ্রাঁসোয়া বলেন, ‘অস্ট্রেলিয়া, মালয়েশিয়া ও নেদারল্যান্ডসে কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে আমরা নিশ্চিত হয়েছি, আমাদের ছয়জন ওই উড়োজাহাজে ছিলেন।’
জাতিসংঘের এইডসবিষয়ক সংস্থা ইউএনএইডসের নির্বাহী পরিচালক মিচেল সিডবে টুইটারে এক বার্তায় বলেন, অস্ট্রেলিয়ায় অনুষ্ঠেয় ২০তম আন্তর্জাতিক এইডস সম্মেলনের ‘অনেক’ প্রতিনিধি ওই উড়োজাহাজে ছিলেন। এরপরই এইডস সম্মেলনের প্রতিনিধিদের নিয়ে খবর প্রচারিত হয়।