এইডসে আক্রান্ত সাংবাদিক কাতার থেকে বিতাড়িত
স্বাস্থ্য পরীক্ষায় এইচআইভি ভাইরাসের সংক্রমণ ধরা পড়ায় কাতার থেকে দক্ষিণ আফ্রিকার একজন সাংবাদিককে বিতাড়িত করা হয়েছে। তিনি কাতারভিত্তিক স্যাটেলাইট চ্যানেল আল-জাজিরার হয়ে কাজ করছিলেন। ওই চ্যানেল কর্তৃপক্ষ তাঁকে বরখাস্ত করেছে। সাংবাদিকের পরিচয় প্রকাশ করা হয়নি। তবে গত বছরের অক্টোবর পর্যন্ত আল-জাজিরার ওয়েবসাইটে একজন জ্যেষ্ঠ সম্পাদক হিসেবে তাঁর নাম ছিল। বার্তা সংস্থা এএফপিকে ওই সাংবাদিক জানান, আবাসন সুবিধার অনুমতি দেওয়ার শর্ত হিসেবে তাঁর স্বাস্থ্য পরীক্ষা করা হয়। পরদিন কাতারভিত্তিক আল-জাজিরার মানবসম্পদ উন্নয়ন বিভাগ তাঁকে তাদের কার্যালয়ে হাজির হতে বলে। সেখানে যাওয়ার পর আল-জাজিরার একজন কর্মকর্তা তাঁকে কারা হেফাজতে দিয়ে আসেন। পরদিন তাঁকে দক্ষিণ আফ্রিকায় ফেরত পাঠানো হয়। ওই সাংবাদিক জানান, দেশে ফেরত পাঠানোর পর থেকে আল-জাজিরার পক্ষ থেকে কেউ তাঁর সঙ্গে যোগাযোগ করেননি। তিনি বলেন, ‘আমি চাকরি ফেরত পেতে চাই। দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গের আল-জাজিরা কার্যালয় থেকেই আমি আমার দায়িত্ব পালন করতে পারব।’সেকশন ২৭ নামের একটি জনস্বার্থবিষয়ক আইনি গোষ্ঠী বলেছে, তারা দক্ষিণ আফ্রিকার একটি প্রতিনিধিদলকে কাতারের বিরুদ্ধে সাংবাদিক বিতাড়নের ঘটনায় আন্তর্জাতিক শ্রম সংস্থায় (আইএলও) অভিযোগ দায়েরের পরামর্শ দিয়েছে। বিশ্বের যে পাঁচটি দেশে এইচআইভি/এইডসে আক্রান্ত বিদেশি নাগরিকদের প্রবেশে বিধিনিষেধ রয়েছে, কাতার এর অন্যতম। আল-জাজিরার মুখপাত্র বলেন, যেকোনো কর্মজীবী মানুষকে নতুন কোনো দেশে যেতে হলে তাঁকে অবশ্যই সেখানকার অভিবাসন প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হয়। এএফপি।