এএনসির সম্মেলন শুরু চ্যালেঞ্জের মুখে জুমা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দক্ষিণ আফ্রিকার ক্ষমতাসীন দল আফ্রিকান ন্যাশনাল কংগ্রেসের (এএনসি) পাঁচ দিনব্যাপী দলীয় সম্মেলন গতকাল রোববার শুরু হয়েছে। দলের ভবিষ্যৎ নেতৃত্ব নির্বাচন করতে ব্লুমফনটেইন শহরে মিলিত হয়েছেন এএনসির কয়েক হাজার প্রতিনিধি। এবার দলে প্রেসিডেন্ট জ্যাকব জুমার নেতৃত্ব চ্যালেঞ্জের মুখে পড়েছে। তাঁর ডেপুটি গ্যালেমা মোতলান্তার কাছে চলে যেতে পারে দলের নেতৃত্ব।বর্ণবৈষম্যের অবসানের পর প্রায় দুই দশক ধরে দেশ শাসন করছে এএনসি। ভোটারদের মধ্যে রয়েছে দলটির প্রতি ব্যাপক সমর্থন। ফলে বলা যায়, এএনসির মশাল যাঁর হাতেই উঠবে, তিনিই হবেন দক্ষিণ আফ্রিকার পরবর্তী প্রেসিডেন্ট।শুরুতে মনে করা হয়েছিল, দুর্নীতির অভিযোগ ও নেতৃত্বের দুর্বলতার পরও জুমার সামনে শক্ত কোনো প্রতিপক্ষ নেই। কিন্তু গত বৃহস্পতিবার মোতলান্তা আচমকা দলীয় প্রধানের পদে প্রতিদ্বন্দ্বিতার কথা ঘোষণা করেন। ২০০৯ সালে জুমা ক্ষমতা গ্রহণের আগে শান্ত ও রহস্যময় চরিত্রের মোতলান্তা দক্ষিণ আফ্রিকার অন্তর্বর্তী প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেন। তাঁর প্রতি দলের তরুণ সদস্যদের বড় একটা অংশের সমর্থন রয়েছে। ফলে জনগণ ও দলের মধ্যে তাঁর নেতৃত্বের গ্রহণযোগ্যতা আগে থেকেই ছিল। তবু এবার দলীয় সম্মেলনে হারলে তিনি হারাতে পারেন ভাইস প্রেসিডেন্টের পদটিও।এএনসির প্রধানের দৌঁড়ে মোতলান্তার উপস্থিতি জুমার জন্য বড় অস্বস্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। দুর্নীতি আর সরকারি অর্থের বেহিসাবি খরচের কারণে প্রচণ্ড চাপে রয়েছেন তিনি। নিজের গ্রামীণ এলাকার উন্নয়নে দুই হাতে সরকারি অর্থ খরচ করেছেন। তা ছাড়া দেশের লাখ লাখ দরিদ্র মানুষের ভাগ্যের পরিবর্তনেও কার্যকর কোনো পদক্ষেপ নিতে পারেননি। অথচ ১৯৯৪ সালে ক্ষমতায় আসার সময় এএনসির অন্যতম প্রধান অঙ্গিকারই ছিল গরিবের ভাগ্যের পরিবর্তন। তবে সম্মেলনপূর্ব জনমত জরিপে দেখা গেছে, নানা বিতর্ক আর অযোগ্যতা থাকা সত্ত্বেও এএনপির প্রধানের দৌড়ে জুমাই এগিয়ে।প্রেসিডেন্টের নেতৃত্বে হতাশা প্রকাশ করে জোহানেসবার্গ বিশ্ববিদ্যালয়ের রাজনীতি বিষয়ের শিক্ষক সুসান বুইসেন বলেন, ‘এএনসির প্রেসিডেন্ট হিসেবে জুমারই আবার জয়ী হওয়ার সম্ভাবনা রয়েছে। আর সেটা হলে আমাদের জন্য সামনে আরও পাঁচটি “অন্ধকার” বছর অপেক্ষা করছে।’২০১২ সালটা ক্ষমতাসীনদের জন্য ছিল সত্যিই কঠিন। আগস্টে খনিশ্রমিকদের ওপর পুলিশের গুলি চালানোর ঘটনায় প্রচণ্ড চাপের মুখে পড়ে সরকার। পরিস্থিতি ঠান্ডা মাথায় মোকাবিলা করতে না পারায় প্রশ্নের মুখে পড়ে জুমার নেতৃত্ব। ওই ঘটনায় ৩৪ জন শ্রমিক নিহত হন। বুইসেন বলেন, ‘জুমার প্রার্থিতা আমাদের মধ্যে কোনো আশার সঞ্চার করছে না।’এএনসির এবারের ৫৩তম সম্মেলনে প্রায় পাঁচ হাজার প্রতিনিধি ভোট দেবেন। ফলে কে হচ্ছেন এএনসির পরবর্তী কান্ডারি, তা জানতে এ সপ্তাহের শেষ পর্যন্ত অপেক্ষা করতে হবে। সূত্র: বিবিসি, এএফপি ও গ্লোবাল পোস্ট।