এএপিতে ভাঙন অনিবার্য!
আম আদমি পার্টিতে (এএপি) ভাঙন প্রায় অনিবার্য হয়ে উঠেছে। দলের প্রধান ও দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের বিরুদ্ধে আদর্শচ্যুতির অভিযোগ তুলেছেন দিল্লির অন্যতম বিধায়ক বিনোদ কুমার বিন্নি। তিনি গতকাল বুধবার কেজরিওয়ালকে মিথ্যাবাদী উল্লেখ করে জানান, আজ বৃহস্পতিবার সংবাদ সম্মেলন করে তাঁর দলীয় আদর্শচ্যুতির প্রমাণ দাখিল করবেন।
বিদ্রোহী এই বিধায়কের হুমকির পরই দলের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়, আম আদমি পার্টি কারও ব্যক্তিগত উচ্চাশা বা আকাঙ্ক্ষা চরিতার্থ করার জায়গা নয়। কেউ যদি এখানে হাঁসফাঁস করেন ও ছেড়ে যেতে চান, তাহলে তাঁরা যেতে পারেন।
ক্ষমতায় আসার পর এত দ্রুত দলে যে অশান্তি শুরু হবে, তা ভোটের আগে বোঝা যায়নি। কিন্তু সরকার গঠনের পরই দিল্লির লক্ষ্মীনগরে এই বিধায়ক মন্ত্রী না হতে পারায় নিজের ক্ষোভ প্রকাশ করে দলের সব কিছু ফাঁস করে দেওয়ার হুমকি দেন। মুখ্যমন্ত্রী কেজরিওয়ালের হস্তক্ষেপের ফলে বিন্নির সেই ক্ষোভ কিছুটা প্রশমিত হয়েছিল। কিন্তু গতকাল তিনি আবার বেসুরো গাইতে শুরু করেন। তাঁর এই সমালোচনার জবাবে দলের সর্বভারতীয় আহ্বায়ক তথা মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল বলেন, ‘বিন্নি প্রথমে মন্ত্রিত্বের দাবিদার হয়ে ওঠেন। মন্ত্রিত্বের জন্য তদবির শুরু করেন। আমরা তা নাকচ করে দিই। এরপর তিনি দাবি করেন, তাঁকে পূর্ব দিল্লি থেকে লোকসভার টিকিট দিতে হবে। আমরা ঠিক করেছি, কোনো বিধায়ককেই লোকসভায় টিকিট দেওয়া হবে না। দলীয় এই সিদ্ধান্ত তাঁকে জানিয়েও দেওয়া হয়।’
কেজরিওয়ালের এই ঘোষণা মানা হলে তিনি নিজেও লোকসভা ভোটে প্রতিদ্বন্দ্বিতা করছেন না।
বিন্নি দিল্লির রাজনীতিতে পোড় খাওয়া নেতা। কংগ্রেসের টিকিটে তিনি যেমন জয়ী হয়েছেন, তেমনি কংগ্রেস ছেড়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবেও জয়ী হয়েছেন। এবার এএপির টিকিটে জিতে তিনি আশা করেছিলেন, মন্ত্রিসভায় তাঁকে অগ্রাধিকার দেওয়া হবে।
এক বছরের একটা দল এবং তার এক মাসের একটা সরকারে শুধু বিন্নিই নন, ক্ষোভ অন্যরাও প্রকাশ করছেন। সদ্য দলে যোগ দিয়ে বিশিষ্ট নৃত্যশিল্পী মল্লিকা সারাভাইও সম্প্রতি দলের অন্যতম নেতা কুমার বিশ্বাসের কথাবার্তার কিছু সমালোচনা করেন।