এএপির তালিকায় এবার সোনিয়া ও মোদির নাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের আম আদমি পার্টি (এএপি) তাদের দৃষ্টিতে দুর্নীতিবাজ নেতাদের তালিকায় গতকাল শনিবার কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী ও বিজেপির প্রধানমন্ত্রী প্রার্থী নরেন্দ্র মোদির নাম যুক্ত করেছে। শুক্রবার প্রকাশ করা তালিকায় এএপি রাহুল গান্ধী ও পি চিদাম্বরমসহ অনেক জাতীয় ও আঞ্চলিক নেতার নাম উল্লেখ করে। দলটির নেতা অরবিন্দ কেজরিওয়াল বলেছেন, এসব নেতার বিরুদ্ধে আগামী লোকসভা নির্বাচনে প্রার্থী দেওয়া হবে।
এএপির জ্যেষ্ঠ নেতা রাজনৈতিক বিষয়সংক্রান্ত কমিটির সদস্য গোপাল রাই বলেন, ‘স্বেচ্ছাসেবী ও দলীয় কর্মীদের মতামত পাওয়ার পর সোনিয়া গান্ধী ও নরেন্দ্র মোদির নাম যুক্ত করা হয়েছে। কারণ তাঁরা অসাধু রাজনীতিক ও অসাধু রাজনীতির নেতৃত্ব ও সুরক্ষা দিয়েছেন। আমরা এ ধরনের রাজনীতির অবসান ঘটাতে চাই।’
গোপাল রাই আরও বলেন, মোদির নাম অন্তর্ভুক্ত করার আরেকটি কারণ হচ্ছে তিনি ঘৃণার রাজনীতির প্রতীক।
কেলেঙ্কারিতে সোনিয়ার নাম: এদিকে ভিভিআইপিদের জন্য হেলিকপ্টার কেনার আলোচিত ঘুষ কেলেঙ্কারিতে তিন সন্দেহভাজন দালালের একজন সোনিয়া গান্ধী ও তাঁর ঘনিষ্ঠদের লক্ষ্যবস্তু করার জন্য অগাস্টাওয়েস্টল্যান্ড কোম্পানিকে পরামর্শ দিয়েছিলেন বলে অভিযোগ করা হয়েছে। ইতালির আদালতে চলমান মামলায় সরকারি অভিযোক্তারা একটি চিরকুট উপস্থাপন করেছেন। ২০০৮ সালের মার্চে অগাস্টাওয়েস্টল্যান্ডের ভারতীয় কার্যালয়ের তখনকার প্রধান পিটার হুলেটের কাছে ওই চিরকুটটি লেখেন দালাল ক্রিস্টিয়ান মিশেল। এতে লেখা হয়, ৫৫ কোটি ৬০ লাখ ইউরো মূল্যমানের ওই ১২টি হেলিকপ্টার বিক্রির চুক্তি বাগাতে নয়াদিল্লিতে নিযুক্ত ব্রিটিশ রাষ্ট্রদূতের উচিত সোনিয়া গান্ধী ও তাঁর ঘনিষ্ঠতম সহযোগীদের লক্ষ্যবস্তু করা। টাইমস অব ইন্ডিয়া।