এএপির নির্বাচনী ইশতেহার ঘোষণা
৮ মার্চ অনুষ্ঠেয় ভারতের লোকসভা নির্বাচনের আগে নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছে অরবিন্দ কেজরিওয়ালের নেতৃত্বাধীন আম আদমি পার্টি (এএপি)। আজ বৃহস্পতিবার কেজরিওয়াল ইশতেহার ঘোষণা করেন।
এনডিটিভির খবরে বলা হয়, ইশতেহার ঘোষণার সময় কেজরিওয়াল দুর্নীতির বিরুদ্ধে লড়াই এবং রাজনীতির বিকেন্দ্রীকরণের ওপর গুরুত্বারোপ করেন।
ইশতেহারে দুর্নীতির ঘটনায় দ্রুত ব্যবস্থা নিতে জনলোকপাল বা দুর্নীতিবিরোধী ন্যায়পাল প্রতিষ্ঠার কথা বলা হয়েছে। এতে বলা হয়েছে, জনলোকপালের মাধ্যমে কাজে ফাঁকি দেওয়া সরকারি কর্মকর্তাদের শাস্তি দেওয়া হবে, ক্ষমতার বিকেন্দ্রীকরণ করা হবে এবং জনগণের শাসন প্রতিষ্ঠিত হবে।
গত বছরের ডিসেম্বরে দিল্লি বিধানসভা নির্বাচনে নাটকীয় উত্থান হয় কেজরিওয়ালের। নির্বাচনের আগে দেওয়া ইশতেহার অনুযায়ী জনলোকপাল বিল পাস করতে না পারায় তিনি চলতি বছরের ফেব্রুয়ারিতে পদত্যাগ করেন। লোকসভা নির্বাচনে তিনি সুশাসনের কথা বলেছেন। পানি ও বিদ্যুতের দাম সস্তা করার অঙ্গীকার করেছেন।
আসন্ন নির্বাচনের ইশতেহারে বলা হয়েছে, ‘আমাদের সরকার থানাগুলোতে সিসিটিভি স্থাপন করবে। পুলিশের জেরা কক্ষগুলোতে ক্যামেরা বসাব। তথ্য অধিকার আইন অনুযায়ী যে কেউ এই ফুটেজ চাইতে পারবে।’
কেজরিওয়াল আরও বলেন, তাঁর দল দিল্লি পুলিশের দায়িত্ব রাজ্য সরকারের হাতে হস্তান্তরে লড়াই চালিয়ে যাবে। তিনি বলেন, ‘আমাদের সরকার সেলাকদের উত্সাহ দেবে। পুলিশ প্রাথমিক তদন্ত প্রতিবেদন (এফআইআর) নথিভুক্ত না করলে এটি সন্ত্রাসী কর্মকাণ্ড হিসেবে বিবেচিত হবে।’