এক ইঞ্চি মাটিও ছাড়ব না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের পলিটব্যুরোর প্রধান খালেদ মেশাল ঘোষণা করেছেন, তাঁরা ফিলিস্তিন ভূখণ্ডের এক ইঞ্চি মাটিও ইসরায়েলের হাতে ছাড়বেন না। তাঁর সংগঠন কস্মিনকালেও ইসরায়েলকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেবে না। হামাসের ২৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপনে গতকাল শনিবার গাজায় লাখো মানুষের উপস্থিতিতে এক সভায় তিনি এ কথা বলেন। গণসমাবেশে ইসলামপন্থী সংগঠনটির নির্বাসিত নেতা খালেদ মেশাল বলেন, ইসরায়েলের দখল করা সমগ্র ভূখণ্ডের দাবি থেকেও তাঁরা সরে আসবেন না। তিনি বলেন, ‘ফিলিস্তিনের নদী থেকে সাগর; উত্তর থেকে দক্ষিণ—সবটাই আমাদের। এই ভূখণ্ডের এক ইঞ্চি মাটিও আমরা ছাড়ব না।’ তিনি ইসরায়েলের কারাগারে বন্দী সব ফিলিস্তিনির মুক্তি দাবি করেন। খালেদ মেশাল বলেন, তাঁরা ইয়াসির আরাফাতের প্রতিষ্ঠিত প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশনকে (পিএলও) ফিলিস্তিনের ঐক্যের প্রতীক হিসেবে দেখেন। এই সংগঠনের সঙ্গে তাঁদের বৈরিতা নেই।মেশালের আগমন উপলক্ষে এক লাখের বেশি মানুষ সমবেত হয়। অনুষ্ঠানে মেশাল হামাসের সঙ্গে প্রতিদ্বন্দ্বী সংগঠন ফাত্তাহর বিরোধ মেটাতে ভবিষ্যৎ পরিকল্পনা প্রকাশ করেন। খালেদ মেশাল গত শুক্রবার মিসর হয়ে ফিলিস্তিনে প্রবেশ করেন। গাজায় এটা তাঁর জীবনের প্রথম আর ফিলিস্তিন ভূখণ্ডে ১৯৭৫ সালের পর প্রথম সফর। মিসরের মধ্যস্থতায় ইসরায়েল-হামাস আট দিনের রক্তক্ষয়ী সংঘর্ষ বন্ধ হওয়ার দুই সপ্তাহের মাথায় হামাসের এই প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপিত হচ্ছে। ওই সংঘর্ষে ১৭৪ ফিলিস্তিনি ও ছয়জন ইসরায়েলি নিহত হন। গতকাল ফিলিস্তিনিরা গাজা শহরের পশ্চিম এলাকায় আল-কাতিবা কমপ্লেক্সে জড়ো হয়। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মূল গণসমাবেশের আয়োজন করা হয় এই কমপ্লেক্সেই। একই ধরনের অনেক অনুষ্ঠানের আয়োজন করা হয় গাজা উপত্যকার বিভিন্ন এলাকায়।সকাল থেকেই নিরাপত্তাকর্মীরা অনুষ্ঠানকেন্দ্রের আশপাশে অবস্থান নেন। হামাসের সামরিক শাখা এজ্জদিন আল-কাশেম ব্রিগেডের মুখোশধারী সদস্যরা আশপাশের ছাদে অবস্থান নিয়ে পরিস্থিতি পর্যবেক্ষণে রাখেন। মঞ্চে দুটি খালি চেয়ার স্থাপন করা হয়। ২০০৪ সালে ইসরায়েলি হামলায় নিহত হামাসের প্রতিষ্ঠাতা শেখ আহমেদ ইয়াসিন ও গত ১৪ নভেম্বর ইসরায়েলের আরেক হামলায় নিহত হামাসের সামরিক কমান্ডার আহমেদ জাবারির স্মরণে চেয়ার দুটি সেখানে রাখা হয়।প্রথম ফিলিস্তিনি ইন্তিফাদা শুরুর পরপরই ১৯৮৭ সালে গঠন করা হয় হামাস। সংগঠনটি মিসরের মুসলিম ব্রাদারহুডের আদর্শকে অনুসরণ করে থাকে। এএফপি ও বিবিসি।