এক কোটি ২০ লাখ লোককে চাকরি দেব: রমনি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাষ্ট্রে আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান পার্টির প্রার্থী মিট রমনি বলেছেন, তিনি ক্ষমতায় গেলে অগ্রাধিকারের ভিত্তিতে কমপক্ষে এক কোটি ২০ লাখ লোকের চাকরির ব্যবস্থা করবেন। এ ছাড়া, ২০২০ সালের মধ্যে যুক্তরাষ্ট্রকে জ্বালানির ক্ষেত্রে স্বয়ংসম্পূর্ণ করা হবে। ফ্লোরিডা অঙ্গরাজ্যের টাম্পা শহরে অনুষ্ঠিত সম্মেলনে দলের আনুষ্ঠানিক মনোনয়ন লাভের পর গত বৃহস্পতিবার এক গুরুত্বপূর্ণ ভাষণে তিনি এই অঙ্গীকার করেন।রমনি বলেন, যুক্তরাষ্ট্রের অর্থনীতি পুনরুদ্ধার ও কর্মসংস্থান সৃষ্টির প্রতিশ্রুতি বাস্তবায়ন করা হবে। আমেরিকার এখন যা প্রয়োজন, তা খুব জটিল বা গভীর কিছু নয়। এটি জানতে সরকারের বিশেষ কমিশন গঠনের প্রয়োজন নেই। আমেরিকায় এখন প্রয়োজন কর্মসংস্থান, প্রচুর চাকরি। দেশকে ‘আশা ও পরিবর্তন’ এনে দেওয়ার প্রতিশ্রুতি পূরণে প্রেসিডেন্ট বারাক ওবামা ব্যর্থ হয়েছেন। ভুল নেতৃত্বে পরিচালিত অর্থনীতিকে বর্তমান ভঙ্গুরদশা থেকে উদ্ধারে এখন আবার পরিবর্তনের প্রয়োজন দেখা দিয়েছে।রমনির রাজনৈতিক জীবনে বৃহস্পতিবারের ভাষণটিকে সবচেয়ে তাৎপর্যপূর্ণ ভাষণ বলে বিবেচনা করা হচ্ছে। তিনি ওই ভাষণে নিজের চরিত্রের বিভিন্ন দিক তুলে ধরার চেষ্টা করেন এবং তাঁর ধর্মবিশ্বাস ও পারিবারিক জীবন সম্পর্কে আলোচনা করেন। তাঁর চরিত্র নিরেট এবং অবস্থান জনসাধারণ থেকে দূরে বলে বিরোধীদের অনেকে প্রায়ই অভিযোগ করে থাকেন। ওই ভাষণ টেলিভিশনে সম্প্রচারিত হয়।রমনি ফেলে আসা চার বছরের হতাশা দূর করে, বিভেদ ও পাল্টাপাল্টি অভিযোগের অবসান ঘটানোর আহ্বান জানান। এএফপি ও বিবিসি।