এক গ্রামে ১১৭ নারী কোটিপতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের গুজরাট রাজ্যের একটি গ্রামেই বাস করেন ১১৭ জন কোটিপতি নারী। গুজরাটের আহমেদাবাদ শহর থেকে প্রায় ৪০ কিলোমিটার দূরের খোরাজ নামের ওই গ্রামে মোট কোটিপতি মানুষের সংখ্যা ৪০০ জন।

সম্প্রতি গুজরাট ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট করপোরেশন (জিআইডিসি) বড় অঙ্কের ক্ষতিপূরণ গ্রামবাসীর মধ্যে ভাগ করে দিয়েছে। এতেই গ্রামের গড়পড়তা সাধারণ মানুষের সামগ্রিক অর্থনৈতিক পরিবর্তন আসে। জিআইডিসি গ্রামবাসীর জমির জন্য ৮৫০ কোটি রুপি দিয়েছে। অনেক জমির মালিক হচ্ছেন নারী। ফলে ১১৭ জন নারী গড়ে এক থেকে ছয় কোটি রুপি পর্যন্ত পেয়েছেন।

আবার একই পরিবারের কয়েকজন কোটিপতি হয়েছেন। যাদব পরিবারের তিন সদস্য কোটি রুপি পেয়েছেন। ওই পরিবারে বাবা রামসিং যাদব সাড়ে তিন কোটি, মা লীলা যাদব (৫৬) দুই কোটি ৪৩ লাখ ও মেয়ে কল্যাণী যাদব (৩২) এক কোটি ৮৫ লাখ রুপি পেয়েছেন। কল্যাণী জানান, ওই অর্থ দিয়ে তিনি কৃষিভিত্তিক নারী উদ্যোক্তা হওয়ার স্বপ্ন দেখছেন। আর তাঁর মা-বাবাও তাঁকে উত্সাহ দিচ্ছেন। তাঁর মা-বাবা ভবিষ্যত্ প্রজন্মের নিরাপত্তার স্বার্থে নিজেদের অর্থ বিনিয়োগে আগ্রহী।

তবে অনেক নারী কোটিপতির মধ্যে অর্থ গচ্ছিত রাখার ব্যাপারেও উত্সাহ দেখা গেছে। প্রায় ১৫ নারী ব্যাংকে স্থায়ী আমানত (এফডিআর) রেখেছেন। অনেকে আবার ওই অর্থ দিয়ে গ্রামের আর্থসামাজিক ও অবকাঠামো উন্নয়নের স্বপ্ন দেখাচ্ছেন। টাইমস অব ইন্ডিয়া।