এক ঘণ্টার জন্য ব্যয় ৩৭ লাখ রুপি!
কোনো অনুষ্ঠানে রাষ্ট্রপতি অতিথি হয়ে এলে তাঁকে সাদামাটা কক্ষে অবস্থান করতে দেওয়াটা হয়তো মানায় না। তাই কক্ষের সাজ-সজ্জার জন্য খরচের প্রয়োজন। তাই বলে এক ঘণ্টার জন্য ৩৭ লাখ রুপি খরচ! ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায় এক ঘণ্টা অবস্থান করবেন বলে একটি কক্ষকে সজ্জিত করতে এই পরিমাণ অর্থ ব্যয় করা হয়েছে। ঘটনাটা গত অক্টোবরের। রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায় কর্ণাটক রাজ্যের বেলগম জেলায় সুবর্ণ বিধান সৌধ উদ্বোধন করতে যান। এর আগে সরকার জেলার সার্কিট হাউসের সংস্কারকাজে এক কোটি ৯৮ লাখ রুপি ব্যয় করে। এর মধ্যে যে কক্ষে রাষ্ট্রপতি অবস্থান করেন, তার সজ্জার জন্য ব্যয় করা হয় ৩৭ লাখ রুপি। রাইট টু ইনফরমেশন অ্যাক্ট বা আরটিআই কর্মী ভিমাপ্পা গারাদ রাজ্যের গণপূর্ত বিভাগ ঘুরে রাষ্ট্রপতির পেছনে সরকারের করা ওই ব্যয়ের হিসাব বের করেছেন। তিনি বলেন, জেলার বাসস্ট্যান্ডের কাছে একই জায়গায় দুটি সার্কিট হাউস অবস্থিত। এর একটি দুই বছর আগে উদ্বোধন করা হয়েছে। আর গত বছর পুরোনো ভবন ও এর আশপাশের অবকাঠামোর সংস্কার করতে অর্থ ব্যয় করা হয়। টিএনএন।