হাইপারসনিক জেট ওয়েভরাইডারের পরীক্ষা চালিয়েছে মার্কিন সেনাবাহিনী। গত মঙ্গলবার প্রশান্ত মহাসাগরের ওপর দিয়ে এটিকে ওড়ানো হয়। এর গতি শব্দের চেয়ে ছয় গুণ (মাক-৬) বেশি হতে পারে বলে মনে করা হচ্ছে। সেটা হলে লন্ডন থেকে নিউইয়র্কে যেতে সময় লাগবে মাত্র এক ঘণ্টা। ওয়েভরাইডারের এই পরীক্ষার ফল গতকাল বুধবার রাতে জানানোর কথা। পেন্টাগন ও নাসা আশা করছে, এই প্রযুক্তি ব্যবহার করে এখন দ্রুতগতির ক্ষেপণাস্ত্রও তৈরি করা সম্ভব হবে।ওয়েভরাইডারের এটি দ্বিতীয় পরীক্ষা। ২০১১ সালের জুনে প্রথম পরীক্ষাকালে এটির গতি উঠেছিল মাক-৫। তখন এটির ইঞ্জিন পূর্ণ শক্তি অর্জনে ব্যর্থ হয়েছিল। প্রত্যাশিত গতিতে পৌঁছাতে ব্যর্থ হওয়ায় আবার পরীক্ষা চালানো হলো।শব্দের চেয়ে বেশি গতির বিমান ছিল কনকর্ড। ২০০৩ সালে কনকর্ড পরিচালনা বন্ধ হয়ে যায়। এটির গতি ছিল শব্দের দ্বিগুণ। কনকর্ড লন্ডন থেকে নিউইয়র্কে পৌঁছাত তিন ঘণ্টায়। অতি ব্যয়বহুল বলে প্রকল্পটি পরে বাতিল হয়ে যায়।ক্যালিফোর্নিয়ার ইউএস এডওয়ার্ডস এয়ারফোর্স ঘাঁটিতে হাইপারসনিকের পরীক্ষা চালানো হয়। একটি বি-৫২ বোমারু বিমানের সাহায্যে মনুষ্য ও পাখাবিহীন জেটটি ৫০ হাজার ফুট ওপরে উৎক্ষেপণ করা হয়। বি-৫২ থেকে পতিত হওয়ার পর এক্স-৫১এ ওয়েভরাইডারের ইঞ্জিনটি চার সেকেন্ড উন্মুক্তভাবে নিচে পড়ে সচল হওয়ার কথা। এরপর আট মিটার দীর্ঘ যানটি ৭০ হাজার মিটার ওপরে উঠে শব্দের ছয় গুণ গতিতে চলার কথা। যুক্তরাষ্ট্রের একজন সেনা কর্মকর্তা জানান, পরীক্ষার বিস্তারিত ফল বুধবার দিন শেষে জানানো হবে।ইউরোপীয় মহাকাশ ও প্রতিরক্ষা সংস্থা ইএডিএস মনে করে, হাইপারসনিক যাত্রীবাহী বিমান অদূর ভবিষ্যতেই দেখা যাবে। সংস্থাটি ২০১১ সালে মাক-৪ গতির বাণিজ্যিক বিমান নিয়ে তাদের নিজস্ব একটি নকশাও প্রকাশ করে। ইএডিএসের বাণিজ্যিক বিভাগের ভাইস প্রেসিডেন্ট পিটার রবি বলেন, ‘তিন ঘণ্টায় নিউইয়র্কে যেতে উদ্গ্রীব ব্যবসায়ী সম্প্রদায় কনকর্ড তৈরি করেছিলেন। এখন আটলান্টিকের উভয় প্রান্তের মানুষ পরবর্তী প্রজন্মে উত্তরণ অর্থাৎ সুপারসনিক থেকে হাইপারসনিক বিমানের প্রতি আগ্রহী।’পিটার বলেন, ‘এ ধরনের বিমান হবে অবশ্যই ব্যয়বহুল। কেননা, এই প্রচণ্ড গতি উৎপন্ন করতে বিপুল পরিমাণ জ্বালানি দরকার হবে। কিন্তু মাত্র আড়াই ঘণ্টায় টোকিও থেকে প্যারিসে যাওয়ার ব্যাপারটা ব্যবসায়ী ও রাজনৈতিক সম্প্রদায়ের কাছে হবে খুবই লোভনীয়।’ তিনি বলেন, ‘আমি মনে করি, ২০৫০ সাল নাগাদ এই গতিসম্পন্ন বিমান বাণিজ্যিকভাবে তৈরি হবে।’ বিবিসি ও এএফপি।