এক দশক পর ছেলের সঙ্গে দেখা হলো সু চির
অবশেষে ১০ বছর পর মিয়ানমারের গণতন্ত্রপন্থী নেত্রী অং সান সু চির সঙ্গে তাঁর ছোট ছেলে কিম অ্যারিসের সঙ্গে দেখা হলো। গতকাল মঙ্গলবার ইয়াঙ্গুন বিমানবন্দরে মা-ছেলের দেখা হয়। বিমানবন্দরে অ্যারিসকে স্বাগত জানাতে সু চির সঙ্গে তাঁর আত্মীয়স্বজন ও শুভাকাঙ্ক্ষীরাও উপস্থিত ছিলেন।এ সময় আবেগতাড়িত কণ্ঠে সু চি বলেন, ‘আমি খুবই আনন্দিত। আমি খুবই খুশি।’ ছেলে কিম অ্যারিস গায়ের জামা খুলে তাঁর বাহুতে আঁকা ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসির (এনএলডি) প্রতীক দেখান। মায়ের বাহু জড়িয়ে তিনি উপস্থিত সাংবাদিকদের বলেন, দেশে প্রায় দুই সপ্তাহ তিনি অবস্থান করবেন। এরপর মা-ছেলে ইয়াঙ্গুনের বাড়িতে যান। ওই বাড়িতেই বছরের পর বছর গৃহবন্দী ছিলেন সু চি।এনএলডি সূত্র জানিয়েছে, সু চি ও তাঁর ছেলে আজ বুধবার ইয়াঙ্গুনের শুয়েডাগোন প্যাগোডা পরিদর্শন করতে পারেন। এই প্যাগোডা থেকেই ১৯৮৮ সালে প্রথম গণতন্ত্রের ডাক দেন সু চি। ঐতিহাসিক সেই ভাষণের মধ্য দিয়েই রাজনৈতিক মঞ্চে প্রবেশ করেন তিনি।মায়ের মুক্তির ব্যাপারে আভাস পাওয়ার পর অ্যারিস ১৩ নভেম্বর লন্ডন থেকে ব্যাংককে অবস্থান করছিলেন। কিন্তু তাঁকে মিয়ানমারে আসার অনুমোদন দিচ্ছিল না সামরিক জান্তা। তবে সু চির মুক্তির দিন সন্ধ্যায় টেলিফোনে মায়ের সঙ্গে কথা হয় তাঁর।ব্যাংককে ব্রিটিশ দূতাবাস থেকে বলা হয়েছে, সম্পূর্ণ ব্যক্তিগত ও অরাজনৈতিক কারণে মিয়ানমারে গেছেন অ্যারিস। তবে ব্যাংককে নিযুক্ত বিবিসির সংবাদদাতা বলেছেন, সু চি ও তাঁর পরিবারের কর্মকাণ্ড গভীরভাবে পর্যবেক্ষণ করছে সামরিক জান্তা। একই সঙ্গে এনএলডির একনিষ্ঠ সমর্থকেরাও তাঁদের কর্মকাণ্ড পর্যবেক্ষণ করছেন।ছোট ছেলে অ্যারিসের (৩৩) সঙ্গে সু চির সর্বশেষ দেখা হয় ২০০০ সালে। একইভাবে বড় ছেলে আলেক্সান্ডারের সঙ্গেও প্রায় এক দশক ধরে দেখা নেই তাঁর। বড় ছেলের ঘরে নাতি-নাতনিও রয়েছে। কিন্তু আজ পর্যন্ত তাঁদের দেখেননি সু চি (৬৫)।গৃহবন্দী থাকাকালে সু চিকে টেলিযোগাযোগ ও ইন্টারনেট-সুবিধার কোনোটাই দেওয়া হয়নি। বাইরের জগতের সঙ্গে তাঁর যোগাযোগ ছিল খুব সীমিত। ১১ দিন আগে তিনি মুক্তি পান। গত ২১ বছরের মধ্যে ১৫ বছরই গৃহবন্দী অবস্থায় কাটে তাঁর। এএফপি ও বিবিসি।