এক দিনেই তৈরি হয়েছিল যে বোমারু বিমান
মাত্র ২৪ ঘণ্টায় তৈরি হয়েছিল সেই বোমারু বিমান, যা ‘ওয়েলিংটন বম্বার’ নামে পরিচিত। পরিচয় আরেকটু খোলাসা করতে গেলে বলতে হবে, এটি ছিল দ্বিতীয় যুদ্ধের সময় তৈরি ব্রিটেনের ‘ওয়েলিংটন এলএন ৫১৪’ বোমারু বিমান। বিমানটি যখন তৈরি হয়, জার্মানির নাৎসি বাহিনী তখন তেড়েফুঁড়ে হামলা চালাচ্ছিল ব্রিটেনের বুকে।বিমানটির নির্মাণকাজ যখন শেষ হয়, তখন তা সবচেয়ে কম সময়ে বিমান তৈরির ক্ষেত্রে নতুন রেকর্ড গড়ে। এর আগের রেকর্ডটি ছিল যুক্তরাষ্ট্রের। ক্যালিফোর্নিয়ায় মাত্র ৪৮ ঘণ্টায় এমন একটি বিমান তৈরি হয়েছিল। তাহলে সবচেয়ে কম সময়ে বোমারু বিমান তৈরি করার রেকর্ড গড়াই কি ছিল এর মূল লক্ষ্য?হ্যাঁ, এই রেকর্ড গড়াও একটি লক্ষ্য ছিল বটে, তবে তা মূল লক্ষ্য নয়। এক দিনে বিমান তৈরির এই চ্যালেঞ্জ নেওয়ার মূল লক্ষ্য ছিল, শত্রুমিত্র-নির্বিশেষে গোটা বিশ্বকে চমকে দেওয়া। সবাইকে বুঝিয়ে দেওয়া, ব্রিটিশরা যে কাজ হাতে নেয়, তা শেষ করে ছাড়ে। ওই সময় জার্মানির জোরালো আক্রমণের মুখে ব্রিটিশ বিমান সেনারা ছিল যেন আনাড়ি। শত্রুর বিরুদ্ধে ঘুরে দাঁড়ানোর পথ খুঁজছিল ব্রিটেন। তারা চাইছিল এমন কিছু করে দেখাতে, যাতে ব্রিটিশদের মনোবল বাড়ে, শত্রুরা মানসিকভাবে দুর্বল হয়ে পড়ে।এ ব্যাপারে ব্রিটিশ ইতিহাসবিদ জেমস হল্যান্ড বলেন, ঘোর যুদ্ধের সময়ে যদি কোনো পক্ষ রেকর্ড ভাঙার মতো বড় কোনো ঘটনা ঘটাতে পারে, তাহলে তা যেমন কর্মীদের আত্মবিশ্বাসকে তুলে ধরবে, তেমনি তাদের উদ্যমও বাড়াবে।তৎকালীন ব্রিটিশ প্রধানমন্ত্রী উইনস্টন চার্চিলের নীতি ছিল একটাই—ছলেবলে যেভাবেই হোক, জার্মানিকে হারাতে হবে। এ ব্যাপারে দেওয়া এক নির্দেশে তিনি লিখেন, ‘বোমারু বিমানগুলোই বিজয়ের কথা বলে দেবে।’আরএএফ ও যুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের যৌথ উদ্যোগে কাঙ্ক্ষিত সেই চমক লাগানোর ঘটনাটি ঘটে আরও পরে। উত্তর ওয়েলসের ব্রাউটন কারখানাকে দায়িত্ব দেওয়া হয় ওই বোমারু বিমান নির্মাণের। তখন বিমান নির্মাণবিষয়ক মন্ত্রণালয়ের পক্ষে ওই কারখানা পরিচালনা করত ভিকার্স আর্মস্ট্রং। এখন সেখানে এয়ারবাস এ৩৮০-এর বিশাল ডানা তৈরি করা হয়।১৯৪৩ সালে গরমকালের শুরুতে বিমানটি তৈরি করা হয়। কাজ শুরু হয় শনিবারে। বিমান তৈরির জন্য পরদিন রোববার কারখানার কর্মীদের সাপ্তাহিক ছুটি বাতিল করা হয়েছিল। সরকারি মহাফেজখানার নথিতে ঘটনাটির ব্যাপারে এমন তথ্য রয়েছে।বিমানের অ্যালুমিনিয়ামের কাঠামো জোড়া দিয়ে ছাউনি দেওয়া হয় বার্নিশ করা আইরিশ লিনেন (কাপড় বিশেষ) দিয়ে। ব্রাউটন কারখানায় ওই সময়ে দুটি পালায় ১২ ঘণ্টা করে কাজ হতো। একেকটি পালায় কাজ করতেন ছয় হাজার কর্মী। এর মধ্যে বেশির ভাগ ছিলেন নারী। বেশির ভাগ পুরুষ যুদ্ধে চলে যাওয়ায় কর্মীর সংকট দেখা দিয়েছিল। নারীদের নিয়োগ দিয়ে শূন্যস্থান পূরণ করা হয়। ওই নারীকর্মীদের মধ্যে কিছু ছিলেন দর্জি। অন্যরা ছিলেন হাসপাতালের সেবিকা, পরিচারিকা ও আলোকচিত্র কারিগর। নারীকর্মীদের কাজ ছিল লিনেন সেলাই করা, ক্রেন দিয়ে ডানা ও লেজ জোড়া দেওয়া। বিমানে বিদ্যুৎব্যবস্থা স্থাপনের কাজও তাঁরা করেন। বম্বার কমান্ড বইয়ের লেখক ও ইতিহাসবিদ স্যার ম্যাক্স হেস্টিংস বলেন, ওই সময় নারীর সহযোগিতা ছিল অত্যাবশ্যকীয়। শত্রুর সঙ্গে লড়তে ও বিমান তৈরিতে তাঁরা দারুণভাবে সহযোগিতা করেন।বেটি ওয়েভার নামের এক কর্মীকে নেওয়া হয়েছিল একটি সমবায় দোকান থেকে। তিনি বলেন, ‘শুরুতে আমি তো স্ক্রু ড্রাইভারের কাজের মাথামুণ্ডুও বুঝতাম না। তিন সপ্তাহ নির্ঘুম থেকে কাজ শেখার পর তা আয়ত্তে এসে যায়।’কর্মকর্তারা ঠিক করেন, রোববার বিকেল নাগাদ বিমানটি চালকের কাছে হস্তান্তর করবেন। নির্মাণকাজের সময় বেঁধে দেওয়া হয় ৩০ ঘণ্টা। শনিবার রাত আটটা ২৩ মিনিটে দ্বিতীয় পালা কাজ শুরু হওয়ার সময় দেখা গেল, কাঠামো মোটামুটি দাঁড়িয়ে গেছে। তবে ছোটখাটো অনেক কাজ বাকি। ডানায় প্রপেলার জুড়ে দেওয়ার মধ্য দিয়ে দ্বিতীয় পালার কর্মীরা কাজ শুরু করেন। ধাপে ধাপে দ্রুত এগিয়ে যেতে থাকে কাজ। টানা চলে রাতভর। পরদিন সকাল আটটা ৫০ মিনিটে বিমানটি আকাশে ওড়ার উপযোগী হয়। ২৪ ঘণ্টা স্পর্শ করতে তখনো ১০ মিনিট বাকি। ওই বিকেলেই হামলা চালানোর জন্য বিমানটি পাঠিয়ে দেওয়া হয় নির্দিষ্ট ঘাঁটিতে। বিবিসি।