এক দিনের ব্যবধানে সংক্রমণ কমেছে ৬ লাখ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্বজুড়ে এক দিনের ব্যবধানে করোনার সংক্রমণ শনাক্ত ও মৃত্যু—দুটিই কমেছে। গতকাল রোববার ও গত শনিবারের হিসাব অনুসারে, এক দিনের ব্যবধানে সংক্রমণ কমেছে এক লাখ আর মৃত্যু কমেছে প্রায় দেড় হাজার।

করোনার সার্বক্ষণিক তথ্য সরবরাহকারী ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারসের দেওয়া তথ্য অনুসারে, গতকাল সংক্রমণ শনাক্ত হয়েছে ২২ লাখ ২৭ হাজারের বেশি। এ দিন মারা গিয়েছিলেন ৪ হাজার ৮০০ বেশি রোগী। এর আগের দিন সংক্রমণ শনাক্ত হয়েছিল ২৮ লাখ ৩৭ হাজার, মারা গিয়েছিলেন ৬ হাজার ৩০০ রোগী।

যুক্তরাষ্ট্রে করোনার সংক্রমণ গত বছরের অক্টোবরে কমে আসে। এরপর নভেম্বরের দিকে আবারও বাড়তে শুরু করে। এই সংক্রমণ সর্বোচ্চ চূড়া স্পর্শ করে ৭ জানুয়ারি। ওই দিন সংক্রমণ শনাক্ত হয় প্রায় ৯ লাখ। শনিবার সংক্রমণ শনাক্ত হয় ৩ লাখ ১২ হাজার আর মারা যান ৮৪১ জন। গতকাল সংক্রমণ শনাক্ত হয় ১ লাখ ৯৭ হাজার আর এদিন মারা যান ৫৭৪ জন।

দৈনিক সংক্রমণ কমেছে ভারতেও। দেশটিতে শনিবার সংক্রমণ শনাক্ত হয় ৩ লাখ ৩৩ হাজার আর মারা যান ৪৭৪ জন। গতকাল সংক্রমণ শনাক্ত হয় ৩ লাখ ৬ হাজার, এদিন মারা যান ৫১১ জন। ভারতে এখন পর্যন্ত ৩ কোটি ৯৫ হাজারের বেশি মানুষ আক্রান্ত হয়েছেন আর মারা গেছেন ৪ লাখ ৮৯ হাজারের বেশি।

ব্রাজিলে শনিবার সংক্রমণ শনাক্ত হয় ২ লাখ ২ হাজার আর মারা যান ৩৩২ জন। আর গতকাল সংক্রমণ শনাক্ত হয় ৮৪ হাজার, এদিন মারা যান ১৬৬ জন। ব্রাজিলে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ২ কোটি ৪০ লাখের বেশি মানুষ।

দৈনিক সংক্রমণ কমেছে ফ্রান্সেও। দেশটিতে শনিবার সংক্রমণ শনাক্ত হয় ৩ লাখ ৮৯ হাজার আর মারা যান ১৬৭ জন। গতকাল সংক্রমণ শনাক্ত হয় ৩ লাখ ১ হাজার, এদিন মারা যান ১১৫ জন। ফ্রান্সে এখন পর্যন্ত আক্রান্ত ১ কোটি ৬৬ হাজারের বেশি মানুষ আর মারা গেছেন ১ লাখ ২৮ হাজারের বেশি।

যুক্তরাজ্যে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ১ কোটি ৫৮ লাখের বেশি মানুষ আর মারা গেছেন ১ লাখ ৫৩ হাজারের বেশি। শনিবার দেশটিতে সংক্রমণ শনাক্ত হয় ৭৬ হাজার আর মারা যান ২৯৭ জন। আর গতকাল সংক্রমণ শনাক্ত হয় ৭৪ হাজার, এদিন মারা যান ৭৫ জন।