এক ধাপ এগিয়ে রাশিয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভ্লাদিমির পুতিন
ভ্লাদিমির পুতিন

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বিরুদ্ধে অভিযোগ, আন্তর্জাতিক কূটনৈতিক কর্মকাণ্ডে তিনি প্রায়ই বাগড়া দিয়ে বসেন। তবে সিরিয়ার ব্যাপারে তাঁর এবারের উদ্যোগ অনেক মহল থেকেই প্রশংসিত হয়েছে। অংশত তাঁর অনড় অবস্থানের কারণেই সিরিয়ায় হামলার বিষয়টি বিলম্বিত করতে বাধ্য হয়েছে যুক্তরাষ্ট্র। বলা হচ্ছে, সিরিয়া সংকটে যুক্তরাষ্ট্রের চেয়ে এক ধাপ এগিয়ে আছে রাশিয়া। বিষয়টিকে পুতিনের বড় ধরনের কূটনৈতিক বিজয় হিসেবে বিবেচনা করা হচ্ছে। মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা সিরিয়া প্রসঙ্গে নিজের আগের অবস্থান থেকে সম্পূর্ণ সরে এসেছেন। অন্যদিকে রুশ প্রেসিডেন্ট পুতিন শুরু থেকেই নিজ অবস্থানে অটল রয়েছেন। তিনি সিরিয়ায় প্রস্তাবিত মার্কিন সামরিক অভিযানের তীব্র বিরোধিতা করে আসছেন। সিরিয়া সংকট নিরসনে রাজনৈতিক উদ্যোগের পক্ষে জাতিসংঘ, ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ও ভ্যাটিকান গত সপ্তাহে নিজ নিজ সমর্থন ব্যক্ত করেছে। রাশিয়ার উদ্যোগের কারণেই জাতিসংঘ নিরাপত্তা পরিষদে মতবিরোধ ও অচলাবস্থা কাটিয়ে সিরিয়া প্রসঙ্গে শান্তিপূর্ণ পন্থার উদ্যোগ নেওয়া সম্ভব হয়েছে বলে ধারণা করা হচ্ছে। কিন্তু সিরিয়া সংকটের স্থায়ী সমাধান সহজ নয়। রাশিয়া হয়তো এ ব্যাপারে একটি প্রস্তাব দেবে। এমনকি তারা ওই প্রস্তাবে রাজি হতে সিরিয়ার ওপর চাপ দিতে পারে। কিন্তু এ ব্যাপারে সুনির্দিষ্ট কোনো পরিকল্পনা এখন পর্যন্ত নেওয়া হয়নি। সিরিয়ায় চলমান গৃহযুদ্ধের প্রেক্ষাপটে নিরস্ত্রীকরণ প্রক্রিয়া কেমন হতে পারে, সে ব্যাপারে রাশিয়াকে বিস্তারিত প্রস্তাব নিয়ে আসতে হবে। প্রেসিডেন্ট পুতিন বলেছেন, যুক্তরাষ্ট্র ও সমমনা দেশগুলো দামেস্কের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নেওয়া থেকে বিরত হলেই মস্কোর উদ্যোগ ফলপ্রসূ হতে পারে। তবে প্রেসিডেন্ট ওবামা এটা স্পষ্ট করে দিয়েছেন, সিরিয়ায় বল প্রয়োগের হুমকি দেওয়ার কারণেই কূটনৈতিক সমাধানের সম্ভাবনা তৈরি হয়েছে বলে তিনি মনে করেন।